একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ, ঘুরপথে চলবে বাস

মঙ্গলবার থেকে ইডেন গার্ডেন্সে শুরু হবে চলতি আইপিএল-এর প্লে-অফ। আর সেই দুই মেগা ম্যাচের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হল সিএবি। পাল্টা শুভেচ্ছাবার্তা পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ”আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ সিএবিকে। আমি ভীষণ সম্মানিত বোধ করছি। আর একইসঙ্গে খুব খুশি। এত সময় পরে কলকাতায় আবার আইপিএলের আসর বসতে চলেছে।” প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামবে রাজস্থান রয়্যালস। বুধবার প্রথম এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর এই দুটো ম্যাচে দেখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হল সিএবির তরফ থেকে। রাত পোহালেই কলকাতায় IPL- প্লে অফ। পরপর ২ দিন ২টো ম্যাচ! উত্তেজনা পারদ চড়ছে শহরে। টিকিটের চাহিদা তুঙ্গে। আগামিকাল, মঙ্গলবার ও বুধবার ম্যাচ চলাকালীন ইডেন লাগোয়া দুটি রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। ঘুরপথে চলবে বাস ও মিনিবাস।  মঙ্গল ও বুধবার বিকেল ৪টে থেকে ম্যাচ চলাকালীন যান চলাচল বন্ধ ক্ষুদিরাম বসু রোড (অকল্যান্ড রোড) ও গোষ্ঠ পাল সরণীতে (কিংসওয়ে)। প্রয়োজন মতো গাড়ি পার্কিং নিষেধাজ্ঞা জারি করা হতে পারে গোষ্ঠ পাল সরণী (কিংসওয়ে), ক্ষুদিরাম বসু রোড (অকল্যান্ড রোড), গর্ভমেন্ট প্লেস ইস্ট, রানি রাসমনি অ্যাভিনিউ, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, ইন্দিরা গান্ধী সরণী (রেড রোড), গুরু নানক সরণী (মেয়ো রোড) ও ডাফরিন রোডে।  দক্ষিণ কলকাতা থেকে দুটি পথে বিবাদি বাগ (ডালহৌসি) পৌঁছবে বাস ও মিনিবাস।  রানি রাসমনি অ্যাভিনিউ, নেতাজি মূর্তি, গর্ভমেন্ট প্লেস ইস্ট ও ওল্ড কোর্ট হাউস স্ট্রিট হয়ে বিবাদি বাগ (ডালহৌসি) অথবা জওহরলাল নেহরু রোড, মিশন রো, ম্যাঙ্গো লেন হয়ে বিবাদি বাগ (ডালহৌসি)। উত্তর কলকাতার দিকে থেকে বাস ও মিনিবাস ঘুরে সেন্ট্রাল অ্যাভিনিউ, এস এন ব্যানার্জি রোড অথবা ওল্ড কোর্ট হাউস থেকে ঘুরিয়ে দেওয়া হবে। বাইক আরোহীরা এজেসি বোস রোড, সেন্ট জর্জেস গেট রোড, স্ট্যান্ড রোড ব্যবহার করতে পারেন। অথবা কিরণ শঙ্কর রায় রোড দিয়ে বিবাদি বাগ পৌঁছে যেতে পারেন। উত্তর বা পশ্চিম কলকাতার দিক এলে বিবি গাঙ্গুলি স্ট্রিট, এস এন ব্যানার্জির রোড, রানি রাসমনি অ্যাভিনিউ দিয়ে আসতে হবে।