banganews.net

 কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে রবিবার শিশুমৃত্যুর ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে। মৃত শিশুর পরিবারের অভিযোগ, ভুল ইঞ্জেকশন দেওয়ার কারণেই এই মৃত্যু হয়েছে। পেটে ব্যথা নিয়ে হাসপাতালে আসার পর শিশুটিকে তিনটি ইঞ্জেকশন দেওয়া হয়। এরপরই তার মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের।

এই ঘটনার তদন্তের জন্য শিশু শল্য বিভাগের বিভাগীয় প্রধানের নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে হৃদরোগ বিভাগ, মেডিসিন বিভাগ এবং শিশু বিভাগের একজন করে অধ্যাপক চিকিৎসক রয়েছেন। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে তদন্ত কমিটিকে। রবিবার লক্ষ্মীপুজোর দিন এই শিশুমৃত্য ঘিরে তোলপাড় হয় কলকাতা মেডিক্যাল কলেজ। চিকিৎসায় গাফিলতিতে শিশুমৃত্যু হয়েছে এই অভিযোগে ব্যাপক গন্ডগোল শুরু হয় হাসপাতালে। একত্রিত হওয়া জনতার মধ্যে উত্তেজনা বেড়ে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়৷ পুলিশকে মারধোর করার অভিযোগ ওঠে৷ এই ঘটনায় ৩ জনকে আটক করে পুলিশ৷