সারদার পর এবার রোজভ্যালি মামলায় নাম জড়াল ক্লাবের। ইস্টবেঙ্গল ক্লাবকে এই নিয়ে ২বার নোটিশ ধরাল সিবিআই। সূত্রের খবর, ক্লাবের হিসাবরক্ষক দেবদাস মজুমদারের নামে চিঠি পাঠিয়েছে সিবিআই । যদিও এই বিষয় সংশ্লিষ্ট ক্লাবের কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি । রোজভ্যালি কাণ্ডে সিবিআই ইতিমধ্যেই গৌতম কুণ্ডু ও তাঁর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে গ্রেপ্তার করেছে । তাদের কাছ থেকে পাওয়া তথ্য এবং একাধিক নথিপত্র ঘেঁটে এবার ইস্টবেঙ্গল ক্লাবকে নোটিশ পাঠাল সিবিআই । ২০১৫ সালে সারদা কাণ্ডে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েক মাস জেলবন্দি ছিলেন ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার।এদিকে সিবিআই ক্লাবকে নোটিশ পাঠানোয় বিরক্ত লাল হলুদের বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্ট । দল আইএসএল খেলার সময় ক্লাব কর্তাদের নাম বারবার চিটফান্ড কাণ্ডে জড়িয়ে পড়ায় ক্ষুব্ধ তারা। তাদের দাবি, চিটফান্ড কাণ্ডে জড়িত সুদীপ্ত সেন ও গৌতম কুণ্ডু জেলে থাকার জন্য তাঁদের সদস্যপদ বাতিল করেছিল লাল হলুদ শিবির। সেই নিয়ম মেনে পরিচালন কমিটির অভিযুক্তদের বিরুদ্ধেও লাগু করতে হবে ৷

