তিন বছর পেরিয়ে গেলেও কিছুতেই থামছে না হিংসার আগুন। জাতিবিদ্বেষ ও সংঘর্ষের জেরে এখনও পুরোপুরি অশান্ত মণিপুর। এই পরিস্থিতিতে উত্তর-পূর্বের এই রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ‘আফস্পা’ (AFSPA)-র মেয়াদ আরও ছ’মাসের জন্য বাড়িয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এর ফলে মণিপুরের একটি বড় অংশ আগামী দিনেও ‘উপদ্রুত এলাকা’ হিসেবেই চিহ্নিত থাকবে। একই সঙ্গে অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের কিছু অংশেও এই বিশেষ সামরিক আইন বলবৎ রাখা হয়েছে। উল্লেখ্য, ২০২৩ সাল থেকে লাগাতার উত্তপ্ত হয়ে রয়েছে উত্তর-পূর্ব ভারতের রাজ্য মণিপুর। মেইতেই ও কুকি জনগোষ্ঠীর সংঘর্ষের জেরে রক্তক্ষয়ী সংঘাতের সাক্ষী থেকেছে একের পর এক জেলা। এই দীর্ঘ সংঘর্ষে এখনও পর্যন্ত কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে। বারবার আক্রমণ নেমে এসেছে খোদ নিরাপত্তারাবাহিনীর ওপরও। সম্প্রতি বিদ্রোহীদের হামলায় অসম রাইফেলসের দুই জওয়ানের মৃত্যুর ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। কাংপোকপি, সেনাপতি সহ একাধিক জেলা এখনও পর্যন্ত এই হিংসার ক্ষত বয়ে বেড়াচ্ছে। ২০২৩ সালে প্রথমবার সেখানে আফস্পা কঠোরভাবে জারি করা হয় এবং পরিস্থিতির কোনো উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় দফায় দফায় এর মেয়াদ বাড়িয়ে চলেছে কেন্দ্র। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে উত্তর-পূর্বাঞ্চলের ৮০ শতাংশেরও বেশি এলাকা এখন আফস্পার আওতামুক্ত রাখা হয়েছে। যে সমস্ত অঞ্চলে শান্তি কিছুটা ফিরেছে, সেখান থেকে এই আইন প্রত্যাহার করা হয়েছে। উদাহরণস্বরূপ, মণিপুরের পাঁচটি জেলার মোট ১৩টি থানার আওতাধীন এলাকাও এই কঠোর আইনের বাইরে রাখা হয়েছে।

