অভিনেতা দীপ সিধু। তাঁকে ঘিরে দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। সাধারণতন্ত্র দিবসে লালকেল্লায় অনঅভিপ্রেত ঘটনার পর থেকেই হঠাৎ করেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এলেন পাঞ্জাবের এই অভিনেতা-সঙ্গীতশিল্পীটি। বর্তমানে সিধুর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিস। জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানাও। কিন্তু ঘটনার পর থেকেই কার্যত বেপাত্তা দীপ সিধু। তাঁকে শেষবার দেখা গিয়েছিল লালকেল্লায় পতাকা ওড়াতে। এরপরই তাঁকে দেখা যায় একটি মোটর বাইকে চড়ে আইটিও চত্বর ছেড়ে পালাতে। কৃষক আন্দোলনকে বিপথে চালনা করা, লালকেল্লায় নিজামী সাহেবের পতাকা ওড়ানো, জাতীয় পতাকার অবমাননা-সহ নানা অভিযোগ রয়েছে দীপ সিধুর বিরুদ্ধে। যদিও এরপর একবার ফেসবুক লাইভে দেখা গিয়েছিল সিধুকে। সেখানে তিনি দাবি করেছিলেন, কোনও অন্যায়ই তিনি করেননি। তাঁর মতে, ওইদিন তাঁরা কেবল অধিকার প্রদর্শন করেছেন। নিশান সাহিবের পতাকা ওড়ানো ছিল প্রতীকী প্রতিবাদ। লালকেল্লায় জাতীয় পতাকার অবমাননা করা হয়নি বলেও দাবি করেন তিনি।