ফের তীব্র কম্পন অনুভূত হল তাইওয়ানে। আজ, বুধবার তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূল প্রদেশ তাইতুঙ্গে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। যদিও কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে কম্পনের জেরে, তাইপেইতে একাধিক বহুতল কেঁপে ওঠে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স, জানাচ্ছে ভূমিকম্পের উৎসস্থল ভূগর্ভের ১১.৯ কিমি গভীরে। সুনামি সতর্কতা জারি হয়নি। তবে জোরালো কম্পন অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষদের মধ্যে। দুই টেকটনিক প্লেটের মাঝেই অবস্থিত তাইওয়ান। তাই সেখানে মাঝে মাঝেই কম্পন অনুভূত হয়। ২০১৬ সালে এইরকমই এক কম্পনের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল তাইওয়ানে। মৃত্যু হয়েছিল ১০০ জনের।

