মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে আগামী শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি) । তার আগে শুক্রবার শিয়ালদহ ও হাওড়া থেকে নয়াদিল্লিগামী জোড়া রাজধানী এক্সপ্রেস বাতিল করার ঘোষণা করল পূর্ব রেল । রেলের তরফে এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ সেখানে অবশ্য সিজেপি’র প্রতিবাদ আন্দোলনের কারণেই এই ট্রেন বাতিল, এমন কিছু উল্লেখ করা হয়নি ৷ শুধু জানানো হয়েছে যে শনিবার নয়াদিল্লি রেলস্টেশন ও হযরত নিজামুদ্দিন রেলস্টেশনের বাইরের রাস্তায় তীব্র যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই কারণেই এই ট্রেন দু’টি বাতিল করা হল ৷ এছাড়াও নয়াদিল্লি ও হযরত নিজামুদ্দিন স্টেশনে ট্রেন চলাচলেও কড়াকড়ি করা হয়েছে । শনিবার ভোর 4টে থেকে দুপুর 2টো পর্যন্ত নয়াদিল্লি স্টেশন ও হজরত নিজামুদ্দিন স্টেশনে কোনও ট্রেন ঢুকতে দেওয়া হবে না বলে রেলের তরফে জানানো হয়েছে । এই নিয়ে রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ সেখানে লেখা হয়েছে, ‘‘আজ (9 অক্টোবর) দুপুর 2টোর পর যাত্রা শুরু করা এবং 10 অক্টোবর ভোর 4টে থেকে দুপুর 2টোর মধ্যে নয়াদিল্লি বা হযরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে পৌঁছাতে নির্ধারিত সমস্ত মেইল বা এক্সপ্রেস ট্রেন যাত্রা শুরুর স্থান থেকেই বাতিল করা হল ।’’ ফলে আরও বেশ কিছু ট্রেন বাতিল হয়েছে । এক্ষেত্রেও যানজটের কারণ উল্লেখ করা হয়েছে ৷ উল্লেখ্য, গত জুন মাস থেকে জুলাই মাসের প্রায় শেষ পর্যন্ত দিল্লিতে যন্তরমন্তরে অবস্থান-বিক্ষোভ করে সিজেপি ৷ সেই আন্দোলনের জেরে গত 21 জুলাই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ৷ রীতিমতো রণক্ষেত্র তৈরি হয় রাজধানীতে ৷ সেই ঘটনার পর আবার দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা করেছে সিজেপি ৷ এর আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছিল তারা ৷ তাদের সেই আন্দোলন সফল হয় ৷ এবার তারা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব হয়েছে ৷ সেই কারণেই শনিবার তারা যন্তরমন্তরে আন্দোলনের ডাক দিয়েছে ৷ ইতিমধ্যে দিল্লি পুলিশ জানিয়ে দিয়েছে যে দেরিতে আবেদন জানানোয় সিজেপিকে শনিবার যন্তরমন্তরে আন্দোলন করার অনুমতি দেওয়া হচ্ছে না ৷ পুলিশ সাধারণ মানুষকে ওই কর্মসূচিতে যোগ না দেওয়ার আবেদনও করছে ।
দিল্লিতে সিজেপি’র আন্দোলনের জের! বাতিল হাওড়া-শিয়ালদা রাজধানী সহ একাধিক ট্রেন
Byবঙ্গনিউজ
Oct 9, 2026
