অর্পিতা ঘোষের ছেড়ে আসা রাজ্যসভার আসন সহ তিনটি শূন্য পদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯ নভেম্বর ৷ পশ্চিমবঙ্গ-সহ রাজ্যসভার তিনটি শূন্য আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন । কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, 3টি আসনে উপনির্বাচন হবে ২৯ নভেম্বর । ফল ঘোষণা হবে ১ ডিসেম্বর । ১৫ সেপ্টেম্বর হঠাৎ করেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দেন অর্পিতা ঘোষ । রাজ্যে সেই আসনেই উপনির্বাচন হবে । রবিবার সকালে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে ২৯ নভেম্বর ভোট হবে । উপনির্বাচনে জয়ী প্রার্থী ২০২৬ সালের ২ এপ্রিল পর্যন্ত সাংসদ পদে থাকবেন । সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত হবে ভোটগ্রহণ । ওই দিনই বিকেল ৫টায় ভোট গণনা হবে । ১ ডিসেম্বরের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে । উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর সাংসদ পদে ইস্তফা দেন অর্পিতা । ২০১৪ সালে প্রথমবার বালুরঘাট লোকসভা থেকে প্রথমবার সাংসদ হয়েছিলেন অর্পিতা । ২০২০ সালে নাট্যকার অর্পিতাকে রাজ্যসভায় পাঠান মমতা । উনিশের লোকসভা ভোটে বালুরঘাটে বর্তমান বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের কাছে পরাজিত হলে, তাঁকে রাজ্যসভার পাঠান তৃণমূল সুপ্রিমো ।

