পাকিস্তানের দুই জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা বাহিনী । জম্মু ও কাশ্মীরের দুর্গম পাহাড়ি বনাঞ্চলে গুলির লড়াইয়ে খতম পাকিস্তানের জঙ্গি সংগঠন ‘জৈশ-ই-মহম্মদ’ (জেএম)-এর সঙ্গে যুক্ত দুই সন্দেহভাজন জঙ্গি ৷ বৃহস্পতিবার সকালে উধমপুর জেলায় দুই জঙ্গির মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতীয় সেনাবাহিনী ৷ বাহিনীর ‘হোয়াইট নাইট কোর’ এক্স হ্যান্ডেলে করা পোস্টে লিখেছে, “অবিরাম বৃষ্টি সত্ত্বেও মজালটার ব্রাট্টাল সোহান ও খুব্বান এলাকায় সেনাবাহিনী, পুলিশ এবং সিআরপিএফ-এর যৌথ অভিযান চলছিল । 16-17 সেপ্টেম্বরের রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক যৌথ অভিযানে উধমপুরের ব্রাট্টাল এলাকায় জঙ্গিদের উপস্থিতির বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যায় । প্রতিকূল আবহাওয়া, দুর্গম ভূখণ্ড এবং কম দৃশ্যমানতা সত্ত্বেও ‘হোয়াইট নাইট কোর’-এর সেনা সদস্য, পুলিশ এবং সিআরপিএফ একটি সুনির্দিষ্ট সন্ত্রাস-বিরোধী অভিযান চালায় । তাতেই দুই জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয় । অভিযান এখনও চলছে । ওই এলাকায় তল্লাশি ও নজরদারি অব্যাহত রয়েছে । কোনও জঙ্গি এখনও আত্মগোপন করে রয়েছে কি না সেটাই দেখছেন বাহিনীর সদস্যরা ৷” সেনা সূত্রে আরও জানা গিয়েছে, গত সপ্তাহে ঘন বনাঞ্চলে একটি জঙ্গি সংগঠনের গতিবিধি সম্পর্কে তথ্য পাওয়া গিয়েছিল । গোপন সূত্রে পাওয়া ওই তথ্য়ের ভিত্তিতে পুলিশ ও নিরাপত্তা বাহিনী তাদের সন্ধানে নামে । এরপর বুধবার রাতে আরও কিছু নতুন তথ্য পাওয়া যায় । সেই তথ্যের ভিত্তিতে রাত 9টার দিকে নিরাপত্তা বাহিনী একটি নির্দিষ্ট এলাকা ঘিরে ফেলে । এরপরই জঙ্গিদের সঙ্গে তাদের প্রাথমিক সংঘাতের সৃষ্টি হয় । অভিযান শুরুর পরপরই কয়েক রাউন্ড গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায় । এরপর সারারাত এলাকাটি মোটামুটি শান্ত ছিল ৷ বৃহস্পতিবার সকালে সেই নিস্তব্ধতা ভেঙে সন্ত্রাসবাদীরা ঘিরে রাখা বলয় ভেদ করার চেষ্টায় ব্যাপক গুলিবর্ষণ শুরু করে । মোক্ষম জবাব দেয় বাহিনী । এরপরই জঙ্গিদের নিকেশ হওয়ার খবর পাওয়া যায় । শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে । তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে । জম্মু ও কাশ্মীরে সেপ্টেম্বর মাসে এটি এ ধরনের দ্বিতীয় সংঘর্ষের ঘটনা । এর আগে 4-5 সেপ্টেম্বর বুদগাম জেলার দুর্গম পাহাড়ি এলাকার এক ঘন জঙ্গলের ভেতরে এক পাকিস্তানি জঙ্গির মৃত্যু হয়েছিল ।

