banganews.net

চোখের নীচে স্পষ্ট গভীর ক্ষতচিহ্ন। ক্যামেরার দিকে স্থির দৃষ্টি। ছবিটা বেশ জুম করে তোলা। সঙ্গে মাত্র দু’টি বাক্য। আর তাতেই বঙ্গ রাজনীতিতে শুরু হয়ে গেল নতুন জল্পনা। চোখের চিকিৎসার জন্য বর্তমানে আমেরিকায় রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ক্লোজ-আপ ছবি পোস্ট করেছেন তিনি। ছবির উপরে ইংরেজিতে লেখা, “The scar tells you I’ve been through something. The eyes tell you I’m nowhere near done!” অর্থাৎ, “এই ক্ষতচিহ্ন বলে দেয় আমি অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েছি। আর চোখ বলে দিচ্ছে, আমার লড়াই এখনও শেষ হওয়ার ধারেকাছেও নেই।” ডায়মন্ড হারবারের সাংসদের এই পোস্ট ঘিরে স্বভাবতই জোর কৌতূহল তৈরি হয়েছে। বার্তাটি কি নিছকই তাঁর দীর্ঘ শারীরিক যন্ত্রণার প্রকাশ, নাকি এর নেপথ্যে লুকিয়ে রয়েছে অন্য কোনও রাজনৈতিক ইঙ্গিত ? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এই পোস্টের অন্তর্নিহিত অর্থ বেশ গভীর। সাম্প্রতিক আইনি টানাপড়েন এবং রাজ্যের বর্তমান রাজনৈতিক আবহে তাঁর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চোখের পুরনো ক্ষতকে সামনে রেখে তিনি আসলে নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথাই তুলে ধরতে চেয়েছেন। বিরোধীদের পাশাপাশি দলের অন্দরেও তিনি স্পষ্ট করে দিলেন, লড়াইয়ের ময়দান থেকে তিনি এখনই সরছেন না। বরং আগামী দিনে আরও বড় লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন তিনি। কালীঘাট ঘনিষ্ঠদের মতে, এই পোস্ট বুঝিয়ে দিল আঘাত থাকলেও তাঁর রাজনৈতিক প্রত্যয় অটুট।

প্রসঙ্গত, 2016 সালে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় বাঁ চোখে গুরুতর চোট পেয়েছিলেন অভিষেক। এরপর থেকে দেশে এবং বিদেশে একাধিকবার তাঁর চোখে অস্ত্রোপচার হয়েছে। নির্দিষ্ট সময় অন্তর তাঁকে বিদেশে গিয়ে চিকিৎসকদের পরামর্শ নিতে হয়। এবারও সেই কারণেই তিনি আমেরিকায় গিয়েছেন।