মেলা শুরুর একদিন আগেই গঙ্গাসাগরে ভোরবেলার আগুনে পুড়ল আশ্রম সংলগ্ন একাধিক ছাউনি ৷ দাউ দাউ করে জ্বলল গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম চত্বর সংলগ্ন রাস্তার অস্থায়ী ছাউনিগুলো। শুক্রবার ভোর পাঁচটা নাগাদ আচমকাই আগুনের লেলিহান শিখা দেখা যায় আশ্রম সংলগ্ন 2 নম্বর রোডের অস্থায়ী ছাউনিগুলোতে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন এলাকায় ৷ যার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গাসাগরে আগত পুণ্যার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে যখন গোটা এলাকা কুয়াশাচ্ছন্ন ছিল, তখনই একটি ছাউনি থেকে আগুনের সূত্রপাত হয় । শুকনো হোগলা পাতা দিয়ে তৈরি হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন বিধ্বংসী রূপ ধারণ করে এবং একের পর এক ছাউনি গ্রাস করতে থাকে । স্থানীয় বাসিন্দারা প্রথমে বালতি করে জল ঢেলে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করেন এবং দ্রুত খবর দেওয়া হয় দমকল ও পুলিশ প্রশাসনকে । খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন । বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালান দমকলকর্মীরা । প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট অথবা রান্নার উনুন থেকে এই বিপত্তি ঘটতে পারে । তবে মেলা শুরুর মুখে এমন ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে । প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ।


