চৈত্রের শেষ লগ্নে ঝড়বৃষ্টির দাপাদাপি । দমকা হাওয়া, কালবৈশাখী ঝড়, হালকা থেকে মাঝারি বৃষ্টিতে বাড়তে থাকা সর্বোচ্চ তাপমাত্রায় রাশ । তবে এই পরিস্থিতি চলতি সপ্তাহজুড়ে থাকবে । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির দাপট চলবে, যার জেরে তাপমাত্রা কমার সম্ভাবনা থাকছে । হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে যা ছত্তিশগড়ের উপর দিয়ে রয়েছে । অক্ষরেখাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 0.9 কিলোমিটার উচ্চতায় বিস্তৃত । পাশাপাশি, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে । ফলে আগামী 9 এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ আগামী চার দিনে তাপমাত্রা 3-5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে । তারপর আবার 2-4 ডিগ্রি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা । আজ দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । বিকেল কিংবা সন্ধ্যায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 31 এবং 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে ।
দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে কোথায় কোথায় ঝড়বৃষ্টি ?
- আজ পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরের বেশিরভাগ জায়গায় বজ্রপাত-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে । বাকি জেলায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷
- আগামিকাল এবং পরশু অর্থাৎ 7 ও 8 এপ্রিল প্রায় সব জেলাতেই বৃষ্টি বাড়বে ৷ সঙ্গে কিছু কিছু জেলায় ঘণ্টায় 50-60 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ।
- 9 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দুই 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে বৃষ্টির প্রভাব বেশি থাকবে । সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ কমে গিয়ে অধিকাংশ জেলায় শুষ্ক আবহাওয়া ফিরে আসবে ।
উত্তরবঙ্গে আগামী কয়েকদিনে কোথায় কোথায় ঝড়-বৃষ্টি ?
- আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-সহ ক’য়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামিকাল থেকে বৃষ্টি বাড়বে, সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় ।
- বুধবার ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উপরের পাঁচটি জেলার তিনটি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে ।
- বৃহস্পতিবার পর্যন্ত বজ্রপাত-সহ ঝড়বৃষ্টি চলবে ।
- সপ্তাহান্তে বৃষ্টি কমে যাবে, শুধুমাত্র কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে । সামগ্রিকভাবে, আগামী ক’য়েকদিন রাজ্যজুড়ে বিকেল এবং সন্ধ্যায় কালবৈশাখী হতে পারে ।
রবিবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 3.8 ডিগ্রি সেলসিয়াসের নীচে । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 2.7 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল, সর্বোচ্চ 93 ও সর্বনিম্ন 49 শতাংশ ।

