সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে সরকার গড়েছে বিজেপি । কিন্তু উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসতে দলের অভ্যন্তরীণ গোষ্ঠীসংঘর্ষে যেন লাগাম পরানো যাচ্ছে না৷ দলের জেলা সভাপতিকে মারধরের সপ্তাহ না ঘুরতেই আক্রান্ত প্রাক্তন জেলা সভাপতি। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী । হামলাকারীদের গ্রেফতারের দাবিতে গভীর রাত পর্যন্ত বিজেপি কর্মী-সমর্থকরা বারাসত থানায় ভিড় করেছিলেন । গত ২৮ মে বারাসতের হৃদয়পুরে একটি ক্লাবের কর্তৃত্ব দখলকে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধেছিল । ওই সংঘর্ষে আক্রান্ত হয়েছিলেন খোদ দলের বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি রাজীব পোদ্দার । তাঁকে কলকাতার হাসপাতালে পাঁচ দিন চিকিৎসাধীন থাকতে হয়েছে । সপ্তাহ ঘুরতেই ফের গোষ্ঠীসংঘর্ষ ছড়িয়ে পড়ল জেলা সদর বারাসতে । আক্রান্ত হলেন প্রাক্তন জেলা সভাপতি তাপস মিত্র । জানা গিয়েছে, বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তাপস মিত্র শনিবার রাতে বারাসতের ১৯ নম্বর ওয়ার্ডের শ্রীকৃষ্ণপুর এলাকায় একটি বাড়িতে পুজোর অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন । ওই অনুষ্ঠান বাড়িতেই আচমকা দলেরই কয়েকজন কর্মী তাঁকে ঘিরে ধরেন । তাঁকে উদ্দেশ্য করে নানা রকম কটূক্তি করতে থাকেন । প্রতিবাদ করতেই ওই বিজেপি কর্মীরা তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন । শুরু হয় মারধর । বাইরে থেকে দলের আরও কয়েকজন কর্মী সেখানে ঢুকে গোলমালে যোগ দেন । গৃহকর্তা তখন তাপসকে বাঁচাতে বাড়ির ছাদের চিলেকোঠায় লুকিয়ে রাখেন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । পৌঁছয় কেন্দ্রীয় বাহিনীও । পুলিশ তাঁকে উদ্ধার করে বারাসত থানায় নিয়ে যায় ।