বিমান থেকে নেমে সরাসরি গাড়ির বহরে না উঠে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পৌঁছে গেলেন জয় হিন্দ (বিমানবন্দর) মেট্রো স্টেশনে । সেখানে দাঁড়িয়ে কথা বললেন সাধারণ যাত্রীদের সঙ্গে । শুনলেন তাঁদের অভিজ্ঞতা, তাঁদের মতামত । তারপর সেই সাধারণ মানুষের ভিড়ের মধ্যেই মেট্রোয় চেপে বসলেন দেশের রেলমন্ত্রী । অনেকের মতে, এই দৃশ্য নিছক একটি সফরের অংশ নয়, বরং এক বিশেষ বার্তা । ক্ষমতার শীর্ষে থেকেও যে সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে নিজেকে যুক্ত রাখা যায়, শনিবার তারই এক প্রতীকী ছবি ধরা পড়ল কলকাতার মেট্রোয় । জয় হিন্দ স্টেশন থেকে মেট্রো ধরে নোয়াপাড়া পৌঁছন অশ্বিনী বৈষ্ণব । সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং পুরুলিয়ার সাংসদ বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো । মেট্রোর যাত্রীরা পরিষেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন । রেলমন্ত্রীও মন দিয়ে শোনেন তাঁদের কথা । যা দেখে যাত্রীরা আপ্লুত ৷ রেলযাত্রীদের অনেককে বলতে শোনা গেল, কোনও বাড়তি আড়ম্বর নয়, কোনও ভিভিআইপি প্রদর্শন নয়, পুরোটাই যেন ছিল এক সাধারণ নাগরিকের যাত্রা । নোয়াপাড়ার পরেও সেই চমক অব্যাহত থাকে। এলাকার মানুষের অসুবিধা এড়াতে তাঁর গাড়ি রাখা হয় প্রমোদনগরে । মেট্রো স্টেশন থেকে তিনি যান অটোয় চেপে । দেশের একজন কেন্দ্রীয় মন্ত্রীকে এভাবে অটোতে সফর করতে দেখা নিঃসন্দেহে বিরল ঘটনা । আর সেখান থেকেই নবান্নের উদ্দেশে রওনা দেন তিনি । প্রসঙ্গত, এক সময় রাজ্য ও কেন্দ্রের সম্পর্ক নিয়ে রাজনৈতিক সংঘাত ছিল নিত্যদিনের ঘটনা । নবান্ন ও রেল ভবনের সম্পর্কও ছিল তিক্ততার প্রতীক । কিন্তু রাজনৈতিক পালাবদলের পর শনিবার দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক চিত্র । মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রেলমন্ত্রী । আর সেই বৈঠকের পর বাংলার জন্য একাধিক বড় রেল প্রকল্পের ঘোষণা এল যৌথ সাংবাদিক বৈঠক থেকে । সবচেয়ে বেশি আলোচনায় এসেছে শিলিগুড়ি থেকে দিল্লি পর্যন্ত বুলেট ট্রেনের সম্ভাব্য প্রকল্প । পাশাপাশি কলকাতা মেট্রোর সম্প্রসারণ ও আধুনিকীকরণ নিয়েও বড় আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী । তাঁর কথায়, আগামী 4-5 বছরের মধ্যে কলকাতা মেট্রোর জন্য প্রায় 60টি অত্যাধুনিক প্রযুক্তির ট্রেন আসবে । চিংড়িঘাটা এলাকার কাজ সম্পূর্ণ হলে শহরের যোগাযোগ ব্যবস্থায়ও নতুন গতি আসবে । তবে দিনের শেষে প্রকল্প বা ঘোষণার থেকেও বেশি মানুষের মনে দাগ কেটেছে অন্য একটি ছবি । মেট্রোর ভিড়ে দাঁড়িয়ে থাকা এক কেন্দ্রীয় মন্ত্রী, অটোয় চেপে গন্তব্যে পৌঁছনো এক ভিভিআইপি, আর সাধারণ মানুষের সঙ্গে স্বতঃস্ফূর্ত কথোপকথন ! যে ছবি আলাদা করে মানুষের মন ছুঁয়েছে !

