অভ্যন্তরীণ বিমান ভাড়ার উপর আরোপিত ঊর্ধ্বসীমা (fare caps) প্রত্যাহার করল কেন্দ্রীয় সরকার ৷ গত বছর ইন্ডিগো (IndiGo) বিমানের ব্যাপক ফ্লাইট বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে আরোপ করা হয়েছিল ভাড়ার এই ঊর্ধ্বসীমা । অসামরিক বিমান চলাচল মন্ত্রকের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী, বিমান ভাড়ার এই ঊর্ধ্বসীমা প্রত্যাহারের সিদ্ধান্তটি 23 মার্চ, সোমবার থেকে কার্যকর হবে । মন্ত্রক জানিয়েছে, এর আগে 6 ডিসেম্বর, 2025 তারিখে ইন্ডিগো বিমানের ব্যাপক ফ্লাইট বিপর্যয়ের জেরে নির্দিষ্ট কিছু বিমান সংস্থা অস্বাভাবিকভাবে চড়া ভাড়া আদায় করছিল ৷ তখন অসামরিক বিমান চলাচল মন্ত্রক বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করেছিল । যাত্রীদের স্বার্থরক্ষা এবং সীমিত আসনসংখ্যার এই সময়ে ভাড়ার সীমা বজায় রাখাই ছিল সেই পদক্ষেপের মূল উদ্দেশ্য । ইকোনমি ক্লাসের ভাড়ার ওপর আরোপিত এই ঊর্ধ্বসীমাগুলি 7,500 টাকা (500 কিলোমিটারের কম দূরত্বের জন্য) থেকে শুরু করে 18,000 টাকা (1500 কিলোমিটারের বেশি দূরত্বের জন্য) পর্যন্ত বিস্তৃত ছিল । এই ঊর্ধ্বসীমা প্রত্যাহারের সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে, যখন পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে আন্তর্জাতিক রুটে বিমান সংস্থাগুলি বড় ধরনের পরিচালনগত বাধার সম্মুখীন হচ্ছে । ওই নির্দেশিকায় মন্ত্রক আরও উল্লেখ করেছে, বিমান সংস্থাগুলির উচিত ভাড়ার ক্ষেত্রে একটি সুশৃঙ্খল নীতি মেনে চলা এবং দায়িত্বশীল আচরণ করা । মন্ত্রক জানিয়েছে, বিমান সংস্থাগুলিকে অবশ্যই নিশ্চিত করতে হবে যেন ভাড়ার হার যুক্তিসঙ্গত ও স্বচ্ছ হয় ৷ একই সঙ্গে, তা বাজারের বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে ৷ পাশাপাশি যাত্রীদের স্বার্থ যেন কোনওভাবেই ক্ষুণ্ণ না হয়, সেদিকেও তাদের খেয়াল রাখতে হবে বলে জানিয়েছে মন্ত্রক । আরও জোর দিয়ে বলেছে, ভাড়ার ক্ষেত্রে কোনও ধরনের অত্যধিক বা অযৌক্তিক বৃদ্ধি পরিলক্ষিত হলে, বিশেষ করে যখন চাহিদার চাপ তুঙ্গে থাকে, বা জরুরি পরিস্থিতিতে বিষয়টি অত্যন্ত কঠোরভাবে দেখা হবে । মন্ত্রক জানিয়েছে, অসামরিক বিমান চলাচল মন্ত্রক রিয়েল-টাইম বা তাৎক্ষণিক ভিত্তিতে বিমান ভাড়ার গতিপ্রকৃতির ওপর নিবিড় নজরদারি অব্যাহত রাখবে । নির্দেশিকা অনুযায়ী, ইন্ডিগো বিমানের ব্যাপক ফ্লাইট বিপর্যয়ের ফলে টিকিটের দামে যে অস্বাভাবিক হারে বৃদ্ধি দেখা দিয়েছিল, তা নিয়ন্ত্রণে আনার লক্ষ্যেই গত 6 ডিসেম্বর অভ্যন্তরীণ বিমান ভাড়ার ওপর এই সাময়িক ঊর্ধ্বসীমা আরোপ করা হয়েছিল ৷ মন্ত্রক জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল হয়ে এসেছে ৷ পুরো বিমান চলাচলে আসনসংখ্যাও পুনরুদ্ধার হয়েছে এবং কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ভাড়ার উপর যে ঊর্ধ্বসীমা আরোপ করা হয়েছিল, তা 23 মার্চ থেকে প্রত্যাহার করে নেওয়া হবে ।”

