প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইনের ধারা রেখে লোকসভায় পেশ হল বিল ৷ NEET (নিট) ইস্যুতে ছাত্র আন্দোলনের সময় পুলিশি পদক্ষেপের বিরুদ্ধে বিরোধী দলগুলির তীব্র হই-হট্টগোলের মধ্যেই সোমবার লোকসভায় প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশোধনী বিল পেশ করল কেন্দ্র। যদিও তারপর বিলের উপরে আলোচনার জন্য অধিবেশন শুরু হলেও বিরোধীদের প্রতিবাদে তা বিকেল পাঁচটা পর্যন্ত মুলতুবি হয়ে যায় ৷

এদিন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল’ বা ‘পরীক্ষা (অসাধু উপায় প্রতিরোধ) সংশোধনী বিল’ পেশ করার পরপরই, বিরোধীদের অব্যাহত প্রতিবাদের জেরে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা অধিবেশন দুপুর দু’টা পর্যন্ত মুলতবি করে দেন। এরপর দুপুরে ফের অধিবেশন শুরু হলেও একই অবস্থা জারি থাকে ৷ এরপরই স্পিকার সাফ জানান, সময় যতই লাগুক, বিলের উপর আলোচনা করতে সরকার বদ্ধপরিকর ৷ সেই মোতাবেক ফের সরকার এবং বিরোধিদের কথা বলতে বলেন স্পিকার ৷ এরপরই বিকাল পাঁচটা পর্যন্ত ফের সংসদের অধিবেশন মুলতুবি করে দেন ওম বিড়লা ৷

20 জুলাই সংসদের উদ্দেশ্যে সিজেপি (CJP)-র নেতৃত্বাধীন প্রতিবাদ মিছিলের উপর পুলিশের দমনপীড়নের বিষয়ে সরকারের কাছ থেকে জবাবদিহি চেয়েছে বিরোধীরা । তার মাঝেই এদিন সংসদে প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিল পেশ করে সরকারা ৷ এরপরও অবশ্য বিলের উপর আলোচনা শুরু করা যায়নি ৷ সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু বলেন, “সরকার সব আলোচনার জন্য প্রস্তুত ৷ কিন্তু বিরোধীরাই এখন আর বিলের উপর আলোচনা করতে চাইছে না ৷ এই বিল শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ ৷ শিক্ষার্থীরা তাকিয়ে আছে সংসদের দিকে ৷”

NEET-UG প্রশ্নপত্র ফাঁস এবং অন্যান্য বিষয় নিয়ে শিক্ষার্থীদের এক মাসের বেশি সময় ধরে চলা আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই বিল এনেছে সরকার ৷ দুই বছর আগে আনা প্রশ্নপত্র ফাঁস-বিরোধী আইনটিতে বেশকিছু সংশোধন করে এই বিল আনা হয়েছে। যাতে অভিযুক্তদের দ্রুত বিচারের জন্য প্রতিটি রাজ্যে ফাস্ট-ট্র্যাক আদালত গঠন এবং শাস্তির মাত্রা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, 2026’ অনুযায়ী, প্রশ্নপত্র ফাঁসের ঘটনাগুলোর তদন্ত দুই মাসের মধ্যে সম্পন্ন করতে হবে ।