banganews.net

প্রশ্নফাঁস কাণ্ডের বিচারের জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। দিল্লিতে পড়ুয়া তথা গোটা যুবসমাজের বিক্ষোভ-আন্দোলনের আবহে বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার প্রেক্ষিতে যুবসমাজকে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানালেন, তরুণদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়, তা নিশ্চিত করাই মোদী সরকারের প্রধান অগ্রাধিকার এবং সংকল্প। এক্স হ্যান্ডলে শাহ লিখেছেন, ‘যারা প্রশ্নপত্র ফাঁস করে দেশের যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলে, তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী পদক্ষেপটি মাইলফলক হয়ে থাকবে। যুবসমাজের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করাই আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। যারা ছাত্র-যুবদের ভবিষ্যৎ নষ্ট করতে চাইবে, তারা কেউ রেহাই পাবে না।’

এ নিয়ে বৃহস্পতিবার সকালেই এক্স হ্যান্ডলে পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। লিখেছিলেন, ‘প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করা হবে। তাঁদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। সেই লক্ষ্যে আমরা ‘ফাস্ট-ট্র্যাক কোর্ট’ গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আধিকারিকদের নির্দেশও দেওয়া হয়েছে।’