আগামী বৃহস্পতিবার, ২৪ জুন কাশ্মীর নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গত সপ্তাহে উপত্যকার প্রায় সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বকে বৈঠকে থাকার আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি ৷ যা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে ৷ তবে ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুখ আবদুল্লা নেতৃত্বাধীন গুপকার জোট বৈঠকে থাকবে কি না সেই বিষয়ে প্রশ্ন উঠছিল ৷ যদিও, আজ ফারুখ আবদুল্লা জানিয়ে দিয়েছেন তাঁরা প্রধানমন্ত্রীর বৈঠকে থাকছেন ৷ প্রধানমন্ত্রীর বৈঠকের আগে আজ একটি বৈঠক করে গুপকার জোট ৷ এই বৈঠকের পর ফারুক আবদুল্লা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমি, মেহেবুবাজী, মহম্মদ তারিগামী সাহেব প্রধানমন্ত্রীর ডাকা সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকব ৷ আমরা আশা করছি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা আমাদের কথা তুলে ধরতে পারব ৷” তাছাড়া, কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার আবেদন প্রধানমন্ত্রীকে জানাবেন বলে জানিয়েছেন তাঁরা৷ সূত্রের খবর, জম্মু ও কাশ্মীরকে ফের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে পারে মোদি সরকার৷ এই নিয়ে বৃহস্পতিবারের বৈঠক বলে জানা যাচ্ছে৷

