banganews.net

টানা বৃষ্টিতে নিউ ফরাক্কা স্টেশনে রেললাইনে নামল ধস । এর জেরে বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন । বৃহস্পতিবার ভোরে আচমকা রেললাইনের একটি অংশ বসে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রী থেকে শুরু করে রেল কর্তৃপক্ষ । চলছে জোরকদমে মেরামতির কাজ । রেল সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের দিক থেকে উত্তরবঙ্গে যাওয়ার পথে ফরাক্কা স্টেশনে ঢোকার মুখে আপ লাইনে আচমকা ধস নামে । বৃষ্টির জেরে মাটি নরম হয়ে সরে যাওয়ার কারণেই রেললাইনের একটি অংশ বসে গিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে । ঘটনার পরই দ্রুত তৎপর হয় রেল । ঘটনাস্থলে পৌঁছে শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায় রেললাইন মেরামতের কাজ । রেললাইন বসে যাওয়ার জেরে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন চলাচল ব্যাহত হয়েছে । রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, যোগবানি এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, দার্জিলিং মেল-সহ একাধিক ট্রেন আটকে পড়েছে । দূরপাল্লার ট্রেনগুলি বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে রাখায় সমস্যায় পড়েন বহু যাত্রী । বিভিন্ন স্টেশনে দীর্ঘক্ষণ অপেক্ষায় রেলযাত্রীরা । রেললাইনে ধসের কারণে স্বাভাবিকভাবে এদিন দিনভর রেল পরিষেবা ব্যাহত হবে বলেই মনে করছেন রেলের আধিকারিকরা । রেলের ফরাক্কার এক আধিকারিক বলেন, “এদিন বহু ট্রেন নির্দিষ্ট সময়ের অনেক পরে বিভিন্ন স্টেশনে ঢুকবে এবং সেখান থেকে ছাড়বে । দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে ।” জানা গিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে রেল কর্তৃপক্ষ একদিকে ক্ষতিগ্রস্ত আপ লাইনে জোরকদমে মেরামতির কাজ করছে, অন্যদিকে বিকল্প সিঙ্গেল লাইন ব্যবহার করে ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালাচ্ছেন রেলের আধিকারিক ও কর্মীরা । যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতির কাজ । দ্রুত রেললাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে কাজ করছেন রেলকর্মীরা । তবে, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের সতর্ক থাকা এবং রেল কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে ।