রাজধানী কুয়ালালামপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “বিশ্বে উন্নয়নে ভারতকে একটি বিশ্বাসযোগ্য অংশীদারি হিসাবে দেখা হচ্ছে ৷” চলতি বছরের প্রথম সফরে মালয়েশিয়াকে বেছে নিয়েছেন তিনি ৷ প্রধানমন্ত্রী মোদির এই সফরে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে বেশকিছু গুরুত্বপূর্ণ চুক্তি হতে পারে বলে জানা গিয়েছে ৷ গত 27 জানুয়ারি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে ৷ এছাড়া, আরও একাধিক আন্তর্জাতিক চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, “ভারত বিশ্বের উন্নয়নে একটি নির্ভরযোগ্য অংশীদারি হয়ে উঠেছে ৷ ব্রিটেন হোক বা আরব আমিরশাহী বা নিউজিল্যান্ড, ওমান, ইউরোপীয় ইউনিয়ন অথবা আমেরিকা- একাধিক দেশ ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে ৷ বিশ্বাসই ভারতের শক্তি ৷” শনিবার সকালে দু’দিনের মালয়েশিয়া সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোশাল মিডিয়ায় তিনি লেখেন, “বন্ধু, প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আজ সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছি ৷ ভারত ও মালয়েশিয়ার মধ্যে যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, তা সাম্প্রতিক বছরগুলিতে আরও এগিয়েছে ৷ আমরা দুই দেশের সার্বিক কৌশলী অংশীদারিত্বের ‘কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’-এর প্রসারণ নিয়ে আলোচনা করব ৷ দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তার সম্পর্ক আরও গভীর করা, আমাদের অর্থনৈতিক সম্পর্কের বিস্তার এবং উদ্ভাবনী অংশীদারি এবং নিত্যনতুন ক্ষেত্রে আমাদের সহযোগিতার সম্পর্কের বৃদ্ধিই আমাদের লক্ষ্য ৷” তিনি আরও জানান, বিশ্বে যে দেশগুলিতে সবচেয়ে বেশি ভারতীয়ের বসবাস, তার মধ্যে দ্বিতীয় বৃহত্তম মালয়েশিয়া ৷ প্রায় 30 লক্ষ ভারতীয় মালয়েশিয়ায় থাকেন ৷ তাঁদের সঙ্গে দেখা করতে তিনি অত্যন্ত উৎসাহী বোধ করছেন ৷ এদিন কুয়ালা লামপুর বিমানবন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রী মোদিকে অভ্যর্থনা জানাতে স্বয়ং হাজির হন প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম ৷ তাঁরা দু’জনে একই গাড়িতে সেখানে বসবাসকারী ভারতীয়দের অনুষ্ঠানে যোগ দিতে যান ৷ সেই ছবিও পোস্ট করেছেন প্রধানমন্ত্রী ৷ ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে জাঁকজমকপূর্ণ ‘সেলামত দাতাঙ্গ মোদিজি’ অনুষ্ঠান হয় কুয়ালা লামপুরে ৷ সেখানে 800 জন শিল্পী অংশগ্রহণ করেন ৷ বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সেই অনুষ্ঠানের ছবি পোস্ট করেছেন ৷ এই অনুষ্ঠান মালয়েশিয়ার বুক অফ রেকর্ডস-এর জায়গা করে নিয়েছে ৷ রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ওড়িশি, কত্থক, কুচিপুড়ি, কথাকলি, মোহিনীআট্টম, যক্ষগণা, লাবণী, পঞ্জাবি এবং রাজস্থানির মতো ভারতের নানান নৃত্য শৈলী তুলে ধরা হয় এই অনুষ্ঠানে ৷ বিভিন্ন প্রজন্মের তরুণ ছাত্র থেকে অভিজ্ঞ শিল্পীরা এই নৃত্যের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ৷ এই উষ্ণ অভ্যর্থনা প্রসঙ্গে মোদি বলেন, “কুয়ালা লামপুরে ভারতীয় সম্প্রদায়ের প্রতি আমি কৃতজ্ঞ ৷ আমাদের প্রবাসী, বংশোদ্ভুতরা ভারত ও মালয়েশিয়ার মধ্যে একটি শক্তিশালী সেতু হিসাবে নিরন্তর কাজ করে চলেছে ৷” 2026 সালের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় গিয়ে আপ্লুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি ৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম ৷ প্রধানমন্ত্রী মোদি জানান, আনওয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী হওয়ার আগে থাকতে তাঁদের এই বন্ধুত্ব ৷ দক্ষিণ-পূর্ব এশিয়ার এই ছোট দেশটিতে বহু তামিল ভাষাভাষী মানুষ বাস করেন ৷ এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “বিগত কয়েকশো বছর ধরে তামিলরা এখানে বসবাস করছেন ৷ তাঁদের এই ইতিহাস জেনে আমি উৎসাহিত ৷ মালয়া বিশ্ববিদ্যালয়ে থিরুভাল্লুভার চেয়ার প্রতিষ্ঠা করে আমরা গর্বিত ৷ আমাদের অংশীদারিত্বে ঐতিহ্যকে আরও শক্তিশালী করতে এবার থিরুভাল্লুভার সেন্টার তৈরি করব ৷”