দুর্গাপুজোর ভুয়ো পাস বিক্রি করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগের তদন্তে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। দীর্ঘ প্রায় 16 ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে বুধবার সিজিও কমপ্লেক্সে ইডি’র দফতরে তলব করা হয়। সেই মতো এদিন সকাল 11টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন ইন্দ্রনীল সেন। এর আগে মঙ্গলবার সকাল থেকেই ইন্দ্রনীল সেনের কসবার বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। শুধু কসবার বাড়ি নয়, কলকাতার একাধিক জায়গাতেও একই সঙ্গে তল্লাশি চালানো হয়। হিন্দুস্তান পার্ক, হাইল্যান্ড পার্ক-সহ কলকাতার মোট 10টি জায়গায় অভিযান চালায় ইডি ৷ পাশাপাশি হুগলির সিঙ্গুরে ইন্দ্রনীলের বাগানবাড়িতেও পৌঁছন তদন্তকারীরা। দীর্ঘ সময় ধরে চলা এই তল্লাশি অভিযানে একাধিক নথি ও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছেন তদন্তকারীরা। তদন্তের স্বার্থে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানা যাচ্ছে। ওই নথিগুলিতে আর্থিক লেনদেন, পাস বিক্রি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের বিষয়ে কোনও তথ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইডি’র তদন্তের কেন্দ্রে রয়েছে দুর্গাপুজোর ভুয়ো পাস বিক্রির অভিযোগ। অভিযোগ, দুর্গাপুজোর নামে ভুয়ো পাস তৈরি ও বিক্রির মাধ্যমে বিপুল অঙ্কের টাকা তোলা হয়েছিল। সেই টাকা কীভাবে সংগ্রহ করা হয়েছিল, কারা এই ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন এবং সংগৃহীত টাকা শেষ পর্যন্ত কোথায় গিয়েছে, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারী সংস্থা। মঙ্গলবারের তল্লাশিতে বেশ কিছু নথি হাতে আসার পরই ইন্দ্রনীল সেনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। তদন্তকারীদের হাতে আসা নথি এবং অন্যান্য তথ্যের সঙ্গে তাঁর বক্তব্য মিলিয়ে দেখতে চাইছেন আধিকারিকেরা। একই সঙ্গে, আর্থিক লেনদেনের বিষয়েও তাঁর কাছ থেকে বিস্তারিত তথ্য নেওয়া হতে পারে। বিশেষ করে ভুয়ো পাস বিক্রির মাধ্যমে সংগৃহীত টাকা কার কার কাছে পৌঁছত, সেই টাকার লেনদেনে আর কারা যুক্ত ছিলেন এবং কোনও মধ্যস্থতাকারী বা নির্দিষ্ট ব্যক্তির মাধ্যমে টাকা সরানো হয়েছিল কি না, এই প্রশ্নগুলিও জিজ্ঞাসাবাদের অন্যতম বিষয় হতে পারে। এদিন ইন্দ্রনীল সেনের বয়ান রেকর্ড করা হবে বলেও জানা যাচ্ছে। তাঁর বক্তব্যের সঙ্গে তল্লাশিতে পাওয়া নথি, আর্থিক লেনদেন এবং অন্যান্য তথ্য মিলিয়ে দেখবেন তদন্তকারীরা। প্রয়োজন হলে তাঁকে ফের তলব করা হতে পারে। ইন্দ্রনীল সেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে ইডির তল্লাশি এবং পরবর্তী জিজ্ঞাসাবাদ নিয়ে তাঁর বক্তব্য এখনও জানা যায়নি। প্রায় ১৬ ঘণ্টার তল্লাশি অভিযানের পর এবার সরাসরি জিজ্ঞাসাবাদে বসছে ইডি। ফলে দুর্গাপুজোর ভুয়ো পাস-কাণ্ডে আর্থিক লেনদেনের পুরো চিত্র এবং টাকার সম্ভাব্য গন্তব্য সম্পর্কে তদন্তকারীরা কী তথ্য পান, সেদিকেই নজর রয়েছে।
banganews.net