ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে SIR প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিচার বিভাগের সাতজন আধিকারিককে বিডিও অফিসে ১০ ঘণ্টা ঘেরাও করে রাখার পর উদ্ধার করল পুলিশ ৷ যার মধ্যে তিনজন মহিলা আধিকারিক ছিলেন বলেও জানা যাচ্ছে ৷ আধিকারিকরা জানিয়েছেন, বুধবার দুপুরের দিকে কালিয়াচক-২ ব্লক ডেভেলপমেন্ট অফিসের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন কিছু মানুষ ৷ তাদের দাবি, এসআইআর প্রক্রিয়ায় তাদের নাম বাদ গিয়েছে ৷ পরে গভীর রাত পর্যন্ত সেই বিক্ষোভ চলে বলে প্রশাসন সূত্রে খবর । যদিও মাঝরাতে বিচার বিভাগের আধিকারিকদের উদ্ধার করে পুলিশ ৷ আর গোটা ঘটনায় রাজ্য পুলিশের ডিজির রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ৷ জেলা প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, বিক্ষোভকারীরা প্রথমে ওই বিচার বিভাগীয় আধিকারিকদের সঙ্গে সাক্ষাতের দাবি করেন । অফিসে প্রবেশের অনুমতি না পেয়ে বিকেল চারটে নাগাদ তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ কার্যত গোটা বিডিও অফিস চত্বরটি ঘেরাও করে ফেলে বিক্ষোভকারীরা । আধিকারিক সূত্রে জানা গিয়েছে, বিক্ষোভ চলাকালীন অফিসের ভিতরে আটকে পড়া ব্যক্তিদের মধ্যে তিনজন মহিলা বিচার বিভাগীয় আধিকারিকও ছিলেন । গোটা ঘটনায় উষ্মা প্রকাশ করেছে নির্বাচন কমিশন ৷ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতরের এক আধিকারিক বলেন, “আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি । জেলাশাসক এবং পুলিশ সুপারকে অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছে ।” তিনি আরও জানান, এই ঘটনার বিষয়ে রাজ্য পুলিশের ডিজির (DGP) কাছে একটি রিপোর্টও তলব করা হয়েছে । সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, গত 28 ফেব্রুয়ারি প্রকাশিত ভোটার তালিকায় যেসব ভোটারের নামের পাশে ‘বিবেচনাধীন’ (under adjudication) হিসেবে চিহ্নিত করা হয়েছিল, সেই সংক্রান্ত বিষয়গুলি বর্তমানে বিচার বিভাগীয় আধিকারিকরা খতিয়ে দেখছেন; এর উদ্দেশ্য হল—ওই নামগুলি তালিকায় বহাল রাখা হবে, নাকি বাদ দেওয়া হবে, তা সঠিকভাবে নির্ধারণ করা । এবার সেই বিচার বিভাগের আধিকারিকরাও হামলার শিকার হলেন ৷

