কলকাতা পুরনিগমের আরও এক তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ । শ্লীলতাহানি এবং হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ৷ সেই অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে গ্রেফতার করা হয় 114 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডলকে । তাঁকে গ্রেফতার করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ । নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক আধিকারিক বলেন, “তদন্তের আগে কিছুই বলা যাচ্ছে না ৷” পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক মহিলা সম্প্রতি রিজেন্ট পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগে তিনি দাবি করেন, 2024 সালের মার্চ মাসে প্রথমবার এবং চলতি বছরের ৯ মে দ্বিতীয়বার তাঁর সঙ্গে শ্লীলতাহানি করেন ওই কাউন্সিলর । শুধু তাই নয়, অভিযোগকারিণীর দাবি যে, তাঁকে উদ্দেশ্য করে অশালীন ভাষা প্রয়োগ করা হয় এবং বিভিন্ন সময় ভয় দেখিয়ে হুমকিও দেন বিশ্বজিৎ মণ্ডল । মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে রিজেন্ট পার্ক থানার পুলিশ । প্রাথমিক তদন্তে বেশ কিছু তথ্য ও নথি সংগ্রহের পর বুধবার রাতে বিশ্বজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয় । ধৃত কাউন্সিলরকে বৃহস্পতিবার আলিপুর আদালতে পেশ করা হবে ৷ পুলিশি হেফাজতের আবেদন জানানো হতে পারে বলে সূত্রের খবর । ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে । তবে অভিযোগ প্রসঙ্গে এখনও পর্যন্ত বিশ্বজিৎ মণ্ডল বা তৃণমূল কংগ্রেসের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।