চৈত্র মাসে সর্বোচ্চ তাপমাত্রার পতন 11 ডিগ্রি সেলসিয়াস ! এতদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30-এর উপর ৷ রাতভর বৃষ্টির দাপটে তা একধাক্কায় 11 ডিগ্রি কমে 23.2-এ দাঁড়াল ৷ তাই হঠাৎ করে শীতের আমেজ বঙ্গের আবহে । সঙ্গে বাড়তি পাওনা হিসেবে মিলছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি । এমন আবহাওয়া চলবে আগামী শুক্রবার অর্থাৎ 27 তারিখ পর্যন্ত ৷ উত্তর থেকে দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে হবে বৃষ্টি ৷ আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদরা বলছেন, পশ্চিমী ঝঞ্ঝা বর্তমানে উত্তর হরিয়ানা থেকে উত্তর ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত । উত্তরপ্রদেশ ও পূর্ব মধ্যপ্রদেশজুড়ে একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে । এছাড়াও সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিলোমিটার উচ্চতায় আরও একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে । বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের প্রবেশের ফলে আগামী 24 ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে । আজ কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 29 এবং 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে । দক্ষিণবঙ্গে আগামী ৫-৬দিন বৃষ্টির সম্ভাবনা। শনিবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.2 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে 11 ডিগ্রি নীচে ৷ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 19.7 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে 4.4 ডিগ্রি নীচে । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 95 ও সর্বনিম্ন 81 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে বৃষ্টি হয়েছে 19.8 মিলিমিটার ।

