সাতসকালে ফের বড়সড় অ্যাকশন মোডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ভুয়ো কোম্পানি খুলে প্রায় ২৯০ কোটি টাকার ব্যাঙ্ক ঋণ দুর্নীতির ও তছরুপের অভিযোগে শুক্রবার ভোরে কলকাতার লেকটাউন এবং হুগলির উত্তরপাড়া সহ একাধিক জায়গায় হানা দিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানদের নিরাপত্তায় ঘেরা এই তল্লাশি অভিযানকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, ঝাড়খণ্ডে একটি ৬৬ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ প্লান্ট স্থাপনের নামে একটি বেসরকারি সংস্থা ব্যাঙ্ক থেকে বিপুল পরিমাণ অর্থাৎ প্রায় ২৯০ কোটি টাকা ঋণ নিয়েছিল। কিন্তু অভিযোগ, সেই ঋণের টাকা বিদ্যুৎ প্রকল্প তৈরিতে ব্যবহার না করে অন্য ফান্ডে পাচার করে দেওয়া হয়। এই আর্থিক কেলেঙ্কারির তদন্তে নেমে ইডি জানতে পারে যে, লেকটাউনের একটি অভিজাত আবাসনের বাসিন্দা তথা পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA) অশোক সারথি এই সংস্থার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। এই তথ্যের ভিত্তিতেই শুক্রবার ভোরে ইডি-র একটি দল লেকটাউনে অশোকবাবুর আবাসনে হানা দেয়। কেন্দ্রীয় জওয়ানরা পুরো ফ্ল্যাটটি ঘিরে ফেলার পর ভিতরে অভিযুক্তকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং একই সঙ্গে সংস্থার যাবতীয় আর্থিক লেনদেন ও নথিপত্র খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
একই মামলায় হুগলির উত্তরপাড়ার শিবতলা স্ট্রিটের বাসিন্দা সুদীপ্ত ঘোষ নামের অপর এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বাড়িতেও এ দিন সকালে হানা দেন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে সেখানেও জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। যদিও প্রাথমিক প্রতিক্রিয়ায় অভিযুক্ত সুদীপ্তবাবু দাবি করেছেন যে, এই দুর্নীতির সঙ্গে তাঁর কোনো রকম যোগ নেই। উল্লেখ্য, লেকটাউন ও উত্তরপাড়ার পাশাপাশি এ দিন সকাল থেকে দুর্গাপুর ও হাওড়াতেও ইডি-র পৃথক দলগুলি তল্লাশি চালাচ্ছে বলে খবর মিলছে।

