কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতা করার সময় গত ৩ অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খেরি এলাকায় এসইউভি গাড়ি চাপা পড়ে মত্যু হয়েছিল ৪ কৃষকের। তারপর নিহত হয়েছিলেন আরও ৪ জন। সেই মামলায় অন্যতম অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র। সুপ্রিম কোর্টের ধমক খাওয়ার পর আশিসকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। ১৫ অক্টোবর আশিসের রাইফেল-সহ ৩টি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। মঙ্গলবার সেই পরীক্ষার রিপোর্ট জমা পড়েছে । সূত্রের খবর, মোট ৩টি আগ্নেয়াস্ত্র ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। ঘটনার দিন পালানোর সময় আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়েছিল অভিযুক্তরা। যদিও কেউ গুলিবিদ্ধ হননি সেদিন। কৃষকদের অভিযোগ ছিল, গুলি চলেছে মন্ত্রী-পুত্রের রাইফেল থেকেই। শেষমেষ ফরেন্সিক রিপোর্টে কৃষকদের সেই অভিযোগের সত্যতা মিলেছে। রিপোর্টে বলা হয়েছে, ‘কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ছেলের রাইফেল থেকেই গুলি চলেছিল।’ লখিমপুর-কাণ্ডে ফরেন্সিক রিপোর্ট সামনে আসার পর তাই কার্যত বিপদ বাড়ল মন্ত্রী-পুত্রের। ঘটনায় মৃতদের শরীরে গুলিবিদ্ধ হওয়ার কোনও চিহ্ন না মিললেও ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া গাড়িগুলিতে গুলির ক্ষত চিহ্নিত করেছিল পুলিশ।

