banganews.net

নিম্নচাপের প্রভাবে ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন অঞ্চলের উপর নিম্নচাপ অবস্থান করছে । এর প্রভাবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখা অমৃতসর, নাজিবাবাদ, ফতেহগড়, হারদই, এবং দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে । ফলে, আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির অনুকূল পরিবেশ বজায় থাকবে । আজ, শুক্রবার দিনের শুরুতে আংশিক মেঘলা আকাশ থাকবে ৷ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 এবং 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ৷ উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে । আগামীকাল ও পরশু অর্থাৎ 22 ও 23 অগস্ট উত্তরবঙ্গের সব জেলার অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ।
একই সঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । 24 অগস্ট পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে । রবিবার 23 অগস্ট পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা জেলার এক বা দুই জায়গায় ভারী বৃষ্টির (7 থেকে 11 সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে । এছাড়া, দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে । ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে । 24 ও 25 অগস্ট অর্থাৎ সোমবার ও মঙ্গলবার রাজ্যের বেশিরভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনা ।