পশ্চিম এশিয়ার যুদ্ধের ফলে ভারতে এলপিজি গ্যাসের সঙ্কট তৈরি হয়েছে ৷ এই পরিস্থিতি সামাল দিতে নয়া নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার ৷ কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যেসব বাড়িতে নলবাহিত গ্যাস (পাইপই ন্যাচরাল গ্যাস) ব্যবহারের সুযোগ রয়েছে তাদের সেই গ্যাস ব্যবহার করতে হবে ৷ যদি তাঁরা PNG না ব্যবহার করেন তাহলে 3 মাসের মধ্যে সেই পরিবারে LPG পরিষেবা দেওয়াও বন্ধ করা হবে ৷ ইরান ও ইজরায়েলের যুদ্ধের প্রভাবে একপ্রকার বন্ধ হরমুজ প্রণালী ৷ সেই কারণে এলপিজি বহনকারী জাহাজ ভারতে আসার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে ৷ তার জেরে ভারতের গ্যাস সঙ্কট তীব্র আকার নিয়েছে ৷ বাণিজ্যিক এবং ডোমেস্টিক গ্যাস বুকিংয়ে তৈরি হয়েছে সমস্যা ৷ এই পরিস্থিতি সামাল দিতে নয়া নির্দেশ জারি করা হয়েছে ৷ পিএনজি নির্ভর করে পাইপলাইনের উপর ৷ পাইপলাইনের মাধ্যমে বাড়ির রান্নাঘর অথবা বাণিজ্যিক ক্ষেত্রে গ্যাস সরবরাহ করা হয় ৷ এক্ষেত্রে রিফিল সিলিন্ডার বুকিং প্রয়োজন হয় না ৷ কেন্দ্রীয় সরকারের তরফে, প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম পণ্য বিতরণ নির্দেশিকা 2026 (Natural Gas and Petroleum Products Distribution Order, 2026) জারি করা হয়েছে ৷ এর লক্ষ্য পিএনজির জন্য পাইপলাইন পরিকাঠামো ত্বরাণ্বিত করা এবং LPG থেকে PNG র অনুমোদন আরও সহজ করা ৷ 24 মার্চ অর্থাৎ মঙ্গলবার ওই নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে, পরিকাঠামো থাকা সত্বেও যদি কোনও গৃহস্থ এলপিজি থেকে পিএনজিতে রূপান্তরিত না হয় তাহলে তিন মাস পর সেই পরিবারের এলপিজি সাপ্লাই পুরোপুরি বন্ধ করা হবে ৷ এমনকী, কোনও পরিবারে বা কমপ্লেক্স এলপিজি ব্যবহারের জন্য পাইপলাইন বসানোর অনুমতি না দেওয়া হলে সেই পরিবার বা হাউজিং কমপ্লেক্সকে নোটিস পাঠাবে তেল ব্যবসার সঙ্গে সংযুক্ত সংস্থাগুলি ৷ এবং তিন মাস পর ওই হাইজিংয়ে পুরোপুরি এলপিজি বুকিং বন্ধ করা হবে ৷ মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স-এ এই সংক্রান্ত একটি পোস্ট করেছেন পেট্রলিয়াম মন্ত্রকের তৈল সচিব নীরজ মিত্তল ৷ তিনি লিখেছেন, একটি সঙ্কট থেকে অপার সম্ভাবনার দুনিয়ার প্রবেশ করর পরিস্থিতি তৈরি হয়েছে ৷” তিনি মনে করেন, এই পরিস্থিতির ফলে গোটা দেশে পাইপড গ্যাস পরিবহনের পরিকাঠামো তৈরি আরও ত্বরাণ্বিত হবে ৷ কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, বসতি এলাকায় পিএনজি গ্যাস পরিষেবার জন্য আবেদনের তিন দিনের মধ্যে অনুমতি দিতে হবে ৷ এবং 48 ঘণ্টার মধ্যে পরিকাঠামো তৈরি করে পরিষেবা দিতে হবে ৷ পিএনজির অনুমতির জন্য কোনও আবেদন জমা পড়লে তা বাতিল করা যাবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে ৷ পুরো বিষয়টি দেখভালের জন্য পেট্রলিয়াম এবং ন্য়াচারাল গ্যাস রেগুলেটরি বোর্ড (PNGRB) কে নোটাল এজেন্সি হিসেবে নিয়োগ করা হয়েছে ৷ অনুমতি দেওয়া, বাতিল, কোনও অভিযোগ-সহ একাধিক দায়িত্ব দেওয়া হয়েছে এই সংস্থাকে ৷

