banganews.net

ছাত্র আন্দোলনের রেশ কাটতে না-কাটতেই কৃষক আন্দোলনে উত্তপ্ত মধ্যপ্রদেশ ৷ ন্যূনতম ন্যায্য মূল্যে ১০০ শতাংশ মুগ কলাই কৃষকদের থেকে সরকারকে কিনতে হবে, এই দাবি-সহ আরও বেশ কয়েকটি দাবি নিয়ে তুমুল বিক্ষোভ অবস্থান কর্মসূচি করছে মধ্যপ্রদেশের কৃষকরা ৷ দিনভর আন্দোলনের পর মুখ্যমন্ত্রী মোহন যাদব জানিয়েছেন, তিনি এই সমস্যা সমাধানে একটি কমিটি গঠন করতে চলেছেন ৷ কমিটি কৃষকদের সঙ্গে কথা বলে সমাধান বের করবে ৷ মঙ্গলবারই ভোপালে বিশাল সংখ্যক কৃষকরা জড়ো হন ৷ সারারত ধরে বিক্ষোভ চলে ৷ পরে সকাল থেকেও বিক্ষোভ চলতে থাকে ৷ এই অবস্থায় দিনের ব্যস্ত সময়ে নর্মদাপুরম হাইওয়েতে যানজট তৈরি হয় ৷ সোমবার গভীর রাতে কৃষকরা বিজেপি সরকার বিরোধী স্লোগান দিতে দিতে সেহোরের বুধনিতে পৌঁছন ৷ এরপর মঙ্গলবারে ভোপালে আসেন ৷ রাজ্য সরকার কৃষকদের সঙ্গে এক দফা বৈঠক করেছে ৷ কিন্তু তাতে কোনও সুরাহা হয়নি ৷ মুখ্যমন্ত্রী মোহন যাদব সাংবাদিকদের বলেন, “সারা মধ্যপ্রদেশে কৃষকদের উন্নয়ন হচ্ছে ৷ একটি কমিটি গঠন করা হয়েছে ৷ এই কমিটি তাঁদের সঙ্গে আলোচনায় বসবে ৷ গতকাল কৃষকদের সঙ্গে আলোচনার জন্য আমরা কৃষিমন্ত্রী আইদাল সিং কানসানাকে পাঠিয়েছিলাম ৷ এমনকী আজও কানসানা এবং কৃষ্ণ গৌর, বিশ্বাস সরং এবং রাকেশ সিংরা গিয়েছিলেন ৷ তাঁদের সঙ্গে সরকারি আধিকারিকরাও ছিলেন ৷” তাঁর সংযোজন, “সরকার সবসময় কৃষকদের সঙ্গে রয়েছে ৷ তাদের ইতিবাচক পরামর্শ দিচ্ছে ৷ কিন্তু দু’তরফকেই বুঝতে হবে কেউই যেন সমস্যায় না পড়ে ৷ তাই আমরা আলোচনার মাধ্যমে এই সমস্যার একটা সমাধান ঠিক খুঁজে পাব ৷ আশা করি, আমাদের ভারতীয় কিষাণ সংগঠন এবং অন্যান্য় কৃষক সংগঠনগুলিও কোনও একটি রাস্তা খুঁজে পাবে ৷ আমরা যখন মানুষের উন্নয়নের কথা বলি, তখন তার অর্থ অবশ্যই কৃষকদের ভালো থাকা ৷” কৃষকদের দাবিদাওয়াগুলির মধ্যে অন্যতম, সরকারকে কৃষকদের থেকে ন্যূনতম সহায়ক মূল্যে 100 শতাংশ মুগ কিনতে হবে ৷ এছাড়া ই-টোকেন সিস্টেম সমস্যার সমাধান এবং সময়ের মধ্যে সারের প্রাপ্যতা ৷ মঙ্গলবার রাতে আলোচনায় সরকারের তরফে কৃষি মন্ত্রী আইদাল সিং কানসানা কৃষকদের আশ্বস্ত করেন যে, সরকার তাদের সমস্যাগুলি নিয়ে সংবেদনশীল ৷ সব সমস্য়ারই দ্রুত সমাধান করা হবে ৷