বিধানসভা নির্বাচনের আগে গোয়ায় দলীয় সংগঠন বাড়াতে সাংসদ মহুয়া মৈত্রের উপর ভরসা রাখলেন মমতা বন্দ্য়োপাধ্যায় এবং অভিষেক বন্দ্য়োপাধ্যায় ৷ গোয়া তৃণমূলের দায়িত্ব দেওয়া হল কৃষ্ণনগরের সাংসদকে ৷ শনিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে ৷ এদিন তৃণমূলের টুইটার হ্যান্ডেল থেকে এই ঘোষণা করা হয় ৷ সেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের সাক্ষর করা চিঠিতে বলে হয়েছে, গোয়ার উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ তাঁর নির্দেশেই কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে এই দায়িত্ব দিল দল ৷ রাজনৈতিক মহলের মতে, মহুয়ার কাছে এই দায়িত্ব যথেষ্ট চ্যালেঞ্জের ৷ কারণ গোয়ায় তৃণমূলের পথচলা সবেমাত্র শুরু হয়েছে ৷ পশ্চিমবঙ্গের বাইরে গোয়ার আগামী বিধানসভা নির্বাচন এবং ত্রিপুরার পৌরভোটকে পাখির চোখ করেছে তৃণমূল শিবির ৷ ইতিমধ্যেই মমতা বন্দ্য়োপাধ্যায় নিজে গোয়া সফর করে গিয়েছেন ৷ সেখানে গিয়ে তিনি ডাক দিয়েছেন ক্ষমতাসীন বিজেপিকে সরিয়ে তৃণমূলের হাত ধরে গোয়ায় নতুন ভোর আনার ৷ সেই লক্ষ্যে এখন তৃণমূল জোর দিচ্ছে গোয়ায় নিজেদের সংগঠন বৃদ্ধির দিকে ৷

