তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। আগামী ১ নভেম্বর রামলীলা ময়দানে প্রতিবাদ সভার আয়োজন করেছে বিরোধীরা। সেখানে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন মমতা। রয়েছেন সাউথ অ্যাভিনিউয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাটে। শনিবার সন্ধ্যায় সেখানে গিয়েই তাঁর সঙ্গে দেখা করলেন অভিজিৎ। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, ‘ওরা বাংলাতেও আন্দোলন করতে পারে।’ রবিবার সকালে মেগা কর্মসূচিতে নামছে ‘ইন্ডিয়া’ জোট। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রামলীলা ময়দানে প্রতিবাদ সভায় যোগ দেবেন বিরোধী দলের শীর্ষ নেতারা। গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিরোধীদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন দীপকেও। একটি পোস্টে তিনি লিখেছিলেন, ‘জ্ঞানু মাস্ট গো।’ সূত্রের খবর, রবিবার দিল্লির সভায় থাকতে পারেন তিনিও। তার পরে বাংলাতেও SIR বিরোধী আন্দোলনে নামতে পারেন তাঁরা। সূত্রের খবর, এ দিন দীপকেকে স্বাগত জানান তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তার পরে বৈঠক করেন তাঁরা। তৃণমূল নেত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় দীপকের। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বলেন, ‘যে ভাবে ওরা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছে, সেটা সহজ ব্যাপার নয়। আমি পূর্ণ সমর্থন জানাই।’ বাংলাতেও ককরোচরা আন্দোলন করতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। তাঁর সঙ্গেই ছিলেন দীপকে। মমতাকে কুর্নিশ জানিয়ে তিনি বলেন, ‘আমি শুধু দিদিকে ধন্যবাদ জানাতে এসেছিলাম। আমাদের আন্দোলনের শুরু থেকে যে ভাবে তিনি পাশে ছিলেন, পরামর্শ দিয়েছেন, তাতে আমি কৃতজ্ঞ।’ তবে সূত্রের খবর, কলকাতায় এসআইআর বিরোধী আন্দোলন করবেন বলে আগেই জানিয়েছিলেন ককরোচরা। সেই নিয়েই মমতার সঙ্গে কথা বলেন তিনি। তবে এই নিয়ে মুখ খোলেনি কোনও পক্ষই। উল্লেখ্য, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরে দিল্লির যন্তর মন্তর থেকে বিক্ষোভে তুলে নেয় সিজেপি। তার পরেই মমতাকে ফোন করেছিলেন দীপকে। তিন মিনিটের সেই ফোনালাপে তৃণমূল নেত্রীকে ধন্যবাদ জানিয়েছিলেন তিনি। তৃণমূল সূত্রে খবর, ছাত্রদের পাশে দাঁড়িয়ে আন্দোলনকে সমর্থন ও পরামর্শ দেওয়ার জন্য মমতাকে কৃতজ্ঞতা জানিয়েছেন অভিজিৎ।

