ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে ধরনা বসতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৬ মার্চ শুক্রবার দুপুর ২টো থেকে কলকাতার মেট্রো চ্যানেলে বা এসপ্ল্যানেডে ধরনা অবস্থানে বসবেন। রবিবার এই কথাই ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার ভোটার তালিকার প্রথম দফা প্রকাশের পর দেখা যায়, প্রায় ৬৩ লক্ষ ভোটারের নাম তালিকা বাদ পড়েছে। পাশাপাশি, আরও ৬০ লক্ষ ভোটারের নাম ‘বিবেচনাধীন’ অবস্থায় রয়েছে বলে জানানো হয়েছে। রবিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে করে এই কর্মসূচির কথা ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ভারতের নির্বাচন কমিশন প্রকাশিত তালিকায় বিপুল সংখ্যক বৈধ ভোটারের নাম অন্যায় ভাবে বাদ দেওয়া হয়েছে যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ধরনা শান্তিপূর্ণ হবে, এবং নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে বাদ পড়া ভোটারদের নাম তালিকায় যোগ করার দাবি জানানো হবে। একই সঙ্গে প্রয়োজন পড়লে এই আন্দোলন আরও বৃহত্তর আকার নিতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।