ফের মেট্রোর সামনে মরণঝাঁপ। সেন্ট্রাল স্টেশনে দক্ষিণেশ্বরগামী মেট্রো একজন ঝাঁপ দেন বলেই খবর। তার ফলে আবারও ব্যাহত মেট্রো পরিষেবা। স্টেশনে স্টেশনে ঘোষণা করে দেওয়া হয়, আপ এবং ডাউন লাইনে পরিষেবা সাময়িক ভাবে বন্ধ রয়েছে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ বা কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত টানা মেট্রো চলছে না। ভাঙা পথে চলছে। স্টেশনগুলিতে ঘোষণা হয়েছে, আপাতত দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত আপ এবং ডাউন লাইনে ভাঙা পথে মেট্রো চলছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করছেন কর্তৃপক্ষ।চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। মেট্রোর তরফে জানানো হয়েছে, শনিবার ১১টা ৫৫ মিনিট নাগাদ সেন্ট্রাল স্টেশনে দক্ষিণেশ্বরগামী মেট্রোর সামনে এক জন পড়ে যান। ওই লাইনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে। ফলে আপাতত ভাঙা পথে মেট্রো চলছে। গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর এবং ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত পরিষেবা চালু আছে। আশা করা হচ্ছে, খুব দ্রুত সম্পূর্ণ পথে মেট্রো চালানো যাবে।কলকাতা মেট্রোর ব্লু লাইনে আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টার ঘটনা এই প্রথম নয়। এটিই ভারতের প্রথম এবং সবচেয়ে পুরনো মেট্রো লাইন। এখানে মেট্রো চলাচলের রেললাইন কোনও ব্যারিকেড বা গার্ডরেল দ্বারা সুরক্ষিত নয়। ফলে বার বার একই ঘটনা ঘটে চলেছে। কলকাতা মেট্রোর অন্য লাইনগুলিতে কারও ঝাঁপ দেওয়ার বা পড়ে যাওয়ার সম্ভাবনা নেই।

