ফের নৃশংস হত্যাকাণ্ড দিল্লিতে। বাড়ি থেকে উদ্ধার হলো মাঝবয়সি এক দম্পতি এবং তাঁদের ২৪ বছর বয়সি ছেলের থেঁতলানো, রক্তাক্ত দেহ। উধাও বাড়ির অন্য এক সদস্য। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, নিজের বাবা, মা ও দাদাকে খুন করে গা ঢাকা দিয়েছেন বাড়ির ছোট ছেলে। ঘটনাটি ঘটেছে দিল্লির ময়দানগড়ির খারক গ্রামে। বন্ধ বাড়ি থেকে পরিবারের তিন সদস্যের এমন ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, বন্ধ বাড়ি থেকে পচা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। বাড়ির দরজা ভেঙে পুলিশ দেখে দরজার কাছেই মেঝেতে পড়ে রয়েছে ৫০ বছর বয়সি প্রেম সিং ও ২৪ বছরের ছেলে ঋত্বিকের দেহ। বাড়ির দোতলা থেকে উদ্ধার হয় ৪৫ বছর বয়সি রজনী সিংয়ের দেহ। তিনটি দেহই ছিল রক্তাক্ত, নৃশংস ভাবে থেঁতলানো। স্থানীয়রা জানিয়েছেন, ওই দম্পতির ছোট ছেলে সিদ্ধার্থ সিংও থাকতেন তাঁদের সঙ্গে। কিন্তু এখনও সিদ্ধার্থের কোনও খোঁজ পায়নি পুলিশ।


