মাত্র আধ ঘণ্টায় এবার বাগডোগরা থেকে আকাশপথে পৌঁছনো যাবে গ্যাংটক । কাজেই বৃষ্টি ও ধসের জেরে রাস্তা বন্ধ থাকলেও খোলা থাকছে আকাশপথ ৷ পর্যটকদের কথা মাথায় রেখে পুজোর মুখেই চালু হতে চলেছে শিলিগুড়ি-সিকিম হেলিকপ্টার পরিষেবা । তারই সফল ট্রায়াল রান হয়েছে গত রবিবার । বছরখানেক আগে মেঘভাঙা বৃষ্টির ফলে হড়পা বানে বিপর্যস্ত হয় সিকিম । সবথেকে বেশি ক্ষতি হয় উত্তর সিকিমে। সম্পূর্ণভাবে ভেঙে পড়ে যোগাযোগ ব্যবস্থা । যার ফলে ব্যাপক ধাক্কা খায় সিকিমের পর্যটন শিল্প । সিকিমের আর্থ-সামাজিক উন্নয়ন যে পর্যটনের উপরই নির্ভরশীল, তা কারও অজানা নয় । বছর পেরোলেও এখনও সম্পূর্ণভাবে স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি উত্তর সিকিমের পর্যটন ।