ফের রক্ত ঝরল কাশ্মীর উপত্যকায়। জঙ্গিদের গুলিতে মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের। জানা গিয়েছে তাঁর নাম মহম্মদ আরমেজ। বছর উনিশের ওই তরুণের বাড়ি বিহারের মাধোপুরায়। কাশ্মীরের বান্দিপুরা এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বলে খবর । জম্মু-কাশ্মীর পুলিশের তরফে টুইট করে এই ঘটনার কথা জানানো হয়েছে। তাতে লেখা হয়েছে, বান্দিপুরের সম্বল এলাকায় জঙ্গিদের গুলিতে প্রাণ গিয়েছে ওই শ্রমিকের। ঘটনায় আহত হয়েছেন আরও এক শ্রমিক। গুলি লাগার পর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি আরমেজকে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মাত্র ২৪ ঘণ্টা আগে উপত্যকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হন ৩ সেনা জওয়ান । মৃতের ভাই জানিয়েছেন, গভীর রাতে দাদা বাড়ির বাইরে যান। সেসময় গুলির শব্দ শোনা যাচ্ছিল । এর কিছুক্ষণ বাদে আরমেজকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পাওয়া যায়। বৃহস্পতিবার সকালে রজৌরির নিয়ন্ত্রণরেখার কাছে জঙ্গিদের হামলায় নিহত হয়েছিলেন তিন সেনা জওয়ান। তার ২৪ ঘণ্টার মধ্যেই ফের রক্ত ঝরল উপত্যকায়।

