banganews.net

ফের ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা ! ইয়েমেন উপকূলে এমএসভি ফৈজ নূর ওলিয়া নামের একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হলে সেটি ডুবে যায় ৷ যদিও জাহাজে থাকা ১৩ জন ভারতীয় সহ ১৪ জনকে উদ্ধার করা হয়েছে ৷ এই ঘটনায় তীব্র নিন্দা করে বিবৃতি জারি করল বিদেশ মন্ত্রক ৷ গতকাল রাতে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ভারতীয় জাহাজে আক্রমণের কথা জানিয়ে সোশাল মিডিয়া পোস্ট করেন ৷ এর সামান্য পরেই বিদেশ মন্ত্রকের তরফে মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি বিবৃতিতে হামলা নিন্দা করেন এবং বারবার এই ধরনের ঘটনা ঘটায় উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি জারি করেন ৷ এই ধরনের বাণিজ্যিক জাহাজগুলিকে নিশানা করে হামলা চালানোর ঘটনা বারবার ঘটে চলেছে ৷ এই বিষয়ে মুখপাত্র লেখেন, “এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজগুলির উপর লাগাতার আক্রমণের ঘটনা উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে ৷ এই জাহাজগুলিকে নিশানা করার ঘটনা বন্ধ হোক ৷ যত দ্রুত সম্ভব আন্তর্জাতিক আইন মেনে এই অঞ্চলে আন্তর্জাতিক সমুদ্রপথে মুক্ত এবং বাধাহীন জাহাজ চলাচল পুনর্বহাল হোক ৷” কেন্দ্রীয় জাহাজ-বন্দর মন্ত্রী লেখেন, “ইয়েমেনের জলসীমায় ভারতীয় এমএসভি ফৈজ নূর ওলিয়ায় একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে ৷ এর ফলে জাহাজটি সমুদ্র ডুবে গিয়েছে ৷ বিনা প্ররোচনায় নিরস্ত্র জাহাজে এই ধরনের হামলার কড়া নিন্দা করছে ভারত ৷ নাগরিকদের সুরক্ষা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার ৷” তিনি আরও লেখেন, “তবে আমি স্বস্তি পেয়েছি, আমাদের ১৩ জন ভারতীয়-সহ ১৪ নাবিককে নিরাপদে উদ্ধার করেছে ইয়েমেনের উপকূল রক্ষী বাহিনী ৷ তাঁদের সবাইকে মোখা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে ৷ আমি মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন-এর ডিরেক্টর জেনারেলকে নির্দেশ দিয়েছি, যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করে ওই অঞ্চলে ভারতীয় নাবিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সব সাহায্য করতে হবে ৷” রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর কৃষ্ণ সাগর অঞ্চলে এবং ইরান-আমেরিকা সংঘাত শুরুর পর থেকে উপসাগরীয় অঞ্চলে সমুদ্রপথে জাহাজগুলিকে নিশানা করে হামলার ঘটনা ঘটে চলেছে ৷ এনিয়ে বারবার ভারতের তরফে নিন্দা জানিয়ে বিবৃতি জারি করা হয়েছে ৷