চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি কলকাতা হাইকোর্ট ৷ গত ২০ জুলাই সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ যদিও মামলাটি এখনও শুনানির জন্য তালিকাভুক্ত হয়নি ৷ এর আগে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারের সময় উস্কানিমূলক মন্তব্যের জেরে দায়ের হওয়া একটি মামলায় অভিষেকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেওয়ার অন্তর্বর্তীকালীন সুরক্ষা ৬ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছিল হাইকোর্ট। স্বস্তি দিয়ে হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন, অভিষেককে তদন্তে সহযোগিতা করতে হবে এবং আদালতের অনুমতি ছাড়া বিদেশে যাওয়া যাবে না ৷ ৬ অক্টোবর বা পরবর্তী নির্দেশ-এর মধ্যে যেটি আগে আসবে, বিচারপতি অন্তর্বর্তীকালীন সুরক্ষা সেই সময় পর্যন্ত বাড়িয়েছিলেন। তিনি জানান, শর্তাবলী পরিবর্তনের জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আবেদনের শুনানি হবে অগস্ট মাসে ৷ তবে, কোনো তারিখ উল্লেখ করেননি তিনি ৷ ডায়মন্ড হারবারের সাংসদ চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। তদন্ত চলাকালীন আবেদনকারীকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার বিষয়ে আদালত যে আগ্রহী নয়, তা স্পষ্ট করে দিয়েছিলেন বিচারপতি ভট্টাচার্য ৷ বলেন, কলকাতায় বেশ কয়েকটি নামী চোখের হাসপাতাল রয়েছে। তৃণমূল সাংসদের উচিত সরকারি এসএসকেএম (SSKM) হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানের কাছে যাওয়া ৷ তিনিই সিদ্ধান্ত নেবেন অভিষেকের চোখের সমস্যার চিকিৎসা সেখানে সম্ভব কি না।