লোকসভা নির্বাচন মিটতেই পূর্ব মেদিনীপুরের জেলাশাসক জয়শী দাশগুপ্তকে সরিয়ে দেওয়া হল। অভিযোগ এই জেলার দুটি গুরুত্বপূর্ণ আসন তমলুক এবং কাঁথিতে লোকসভা নির্বাচনে জোর করিয়ে হারিয়ে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসকে। এক্ষেত্রে রিটার্নিং অফিসারের ভূমিকা পালন করছিলেন জেলাশাসক জয়শী দাশগুপ্ত। শনিবারই দলীয় সাংসদদের বৈঠকে পূর্ব মেদিনীপুরের ফলাফল নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে খুশি নন, সে কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন। সূত্রের খবর, সেখানে বিজেপি প্রার্থী কমিশনের সাহায্য পেয়েছে বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ স্বাভাবিকভাবেই জেলাশাসক হিসেবে যে ভূমিকায় তাঁকে দেখা যাবে মনে করা হচ্ছিল, তা না-হওয়ার জন্যই কি এই সিদ্ধান্ত নবান্নের তরফে, উঠছে প্রশ্ন ৷ যদিও নবান্নের তরফে এই নিয়ে কিছু বলা হয়নি। আলাদা করে পূর্ব মেদিনীপুরে জেলাশাসকের নাম ঘোষণা করা না হলেও জয়শী দাশগুপ্তকে সরিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, তাঁকে পরবর্তী অগ্রগতি না-হওয়া পর্যন্ত পার্সোনেল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম ডিপার্টমেন্টে যোগদান করার কথা বলা হয়েছে। আগামী মঙ্গলবার নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে প্রশাসনিক বিষয়গুলি নিয়ে পর্যালোচনা করতে বসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ সেখানে সমস্ত জেলার জেলাশাসকদের উপস্থিত থাকতে বলা হয়েছে। তাঁর এই বৈঠকের আগে পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে সরিয়ে দেওয়া নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই অবস্থায় মঙ্গলবার মুখ্যমন্ত্রী এই নিয়ে কিছু বলেন কি না, সেটাই এখন দেখার।