বিশ্বের অন্যতম সম্মানীয় চলচ্চিত্র উৎসব হল কান চলচ্চিত্র উৎসব। আগামী ১৭ মে থেকে শুরু এই উৎসব। ইতিমধ্যেই উৎসবের কারণে ফ্রান্সে পৌঁছে গেছেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি, আর মাধবন, সুরকার এআর রহমান, ঐশ্বর্য রাই বচ্চন, সিবিএফসি-র চেয়ারম্যান প্রসূন জোশি, পরিচালক শেখর কাপুর, অভিনেত্রী তামান্না ভাটিয়া, পূজা হেগড়ে, নয়নতারা ও জুরি বিভাগের সদস্য দীপিকা পাড়ুকোন। ইন্ডিয়া প্যাভিলিয়নে তাঁদের নেতৃত্ব দেবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। রেড কার্পেটে এবার তাঁকেও দেখা যাবে। উৎসবের প্রাককালে সকলকে শুভেচ্ছাবার্তা জানিয়ে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে কান্ট্রি অব অনার হিসেবে বেছে নেওয়া হয়েছে ভারতকে। এবারের কান চলচ্চিত্র উৎসবে ভারত আর ফ্রান্সের কুটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষেই এই সম্মান। শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘কান চলচ্চিত্র উৎসবে ভারতের অংশগ্রহণ সম্পর্কে জানতে পেরে অত্যন্ত আনন্দিত আমি। এই বছরেই ভারতের স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করা হবে। পাশাপাশি কান চলচ্চিত্র উৎসবেরও ৭৫তম বার্ষিকী। একইসঙ্গে ভারত-ফ্রান্সের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি হল। প্রতিটাই অত্যন্ত গর্বের মুহূর্ত। চলচ্চিত্র আর সমাজ একে অপরের প্রতিচ্ছবি। মানুষের আবেগ শৈল্পিকভাবে ফুটে ওঠে ছবির মাধ্যমে। বহু ভাষায় চলচ্চিত্র তৈরি হয় ভারতে। ঐতিহ্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্য ভারতের মূল শক্তি।’