রাজস্থানঃ মঙ্গলবার পর্যন্ত শচীন ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নয়। শুক্রবারের শুনানিতে জানিয়ে দিল রাজস্থান হাইকোর্ট। ‘দলবিরোধী কাজ’-এর অভিযোগে পাইলট ও তাঁর সঙ্গীদের বিধায়ক পদ খারিজ করা নিয়ে কংগ্রেস ও পাইলট শিবিরের মধ্যে আইনি লড়াই তুঙ্গে। শচীন ও তাঁর অনুগামীদের বিধানসভার সদস্যপদ খারিজের নোটিস ধরিয়েছেন স্পিকার। সেই নোটিসের বিরুদ্ধে আদালতে পিটিশন দাখিল করেছেন শচীন। পিটিশন তাড়াহুড়োর মধ্যে লেখা হয়েছিল বলে বেশকিছু ভুলভ্রান্তি ছিল। হরিশ সালভের আর্জির ভিত্তিতে বৃহস্পতিবারের রায়ে পাইলট শিবিরকে নতুন পিটিশন জমা দেওয়ার সময় বরাদ্দ করেছিল হাইকোর্ট। তাত্পর্যপূর্ণ ভাবে পাইলট শিবিরের পক্ষে মামলা লড়ছেন বিজেপি-ঘনিষ্ঠ দুই আইনজীবী মুকুল রোহতগি ও হরিশ সালভে। দু’জনেই বিজেপি আমলে সরকার পক্ষের আইনজীবী ছিলেন। উল্টোদিকে, কংগ্রেসের পক্ষে মামলাটি লড়ছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি।

