কলকাতা

রবীন্দ্র সরোবর স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত মেট্রো পরিষেবা

রবিবার সকালে ফের কলকাতা মেট্রোয় ঝাঁপ দেওয়ার ঘটনা ৷ এবার রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আপলাইন অর্থাৎ, দক্ষিণেশ্বরগামী রেকের সামনে ঝাঁপ দিলেন এক ব্যক্তি ৷ ঘটনার জেরে সাময়িকভাবে পরিষেবা ব্যাহত হয়েছে ৷ ভাঙা পথে চালাতে হয়েছে মেট্রো ৷ তার জেরে হয়রানির শিকার হতে হল যাত্রীদের ৷ প্রায় 45 মিনিট বন্ধ থাকার পর বেলা 11টা 33 মিনিটে পরিষেবা চালু হয় ৷ মেট্রো রেল সূত্রে খবর, সকাল 10টা 45 মিনিট নাগাদ দক্ষিণেশ্বরগামী মেট্রো রবীন্দ্র সরোবর স্টেশনে ঢোকার মুখে এক ব্যক্তি ট্রেনের সামনে ঝাঁপ দেন ৷ চালক ব্রেক কষলেও প্রথমের দু’টি বগি প্ল্যাটফর্মে প্রবেশ করে থেমে যায় ৷ এই পরিস্থিতিতে ট্রেনে থাকা যাত্রীদের সামনের বগি দিয়ে বের করে আনা হয়েছে ৷ তারপর পুরো রেকটিকে খালি করে এবং থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ট্র্যাকে আটকে থাকা ব্যক্তিকে উদ্ধারের কাজ শুরু হয় ৷ এই ঘটনার জেরে শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত পরিষেবা সাময়িক বন্ধ করে দেয় মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ তবে, ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে মেট্রো রেল ৷ পরে 11টা 33 মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল ফের শুরু হয় ৷ তবে পরিষেবা স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় পেরিয়ে যায় ৷