অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্রকে রাম মন্দিরের সিইও হিসেবে নিয়োগ করল শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ৷ অবসরপ্রাপ্ত এই বায়ুসেনা কর্তা রামমন্দিরের প্রথম সিইও ৷ বুধবার উত্তরপ্রদেশের অযোধ্যায় আয়োজিত এক বৈঠকে ট্রাস্টের তরফে ‘অপারেশন সিঁদুর’-এর সময় ওয়েস্টার্ন এয়ার কমান্ডের নেতৃত্ব দেওয়া জিতেন্দ্র মিশ্রকে সিইও হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ উল্লেখ্য, অনুদান আত্মসাতের অভিযোগ ওঠার পর রামমন্দিরের জন্য একজন সিইও নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সেই পদে বসার জন্য জমা পড়েছিল 5 হাজার 585টি আবেদন ৷ সিইও বেছে নেওয়ার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য যেমন নেওয়া হয়, তেমনই সরাসরি মূল্যায়নও করা হয় ৷ এর জন্য 600 নম্বরের একটি মূল্যায়ন কাঠামো তৈরি করা হয় ৷ ওই প্রক্রিয়ায় 3 হাজার 577 জন অংশ নেন ৷ ওই মূল্যায়নে যাঁরা 470 বা তার বেশি নম্বর পেয়েছেন, তাঁদের বাছাই করা হয় ৷ এই বাছাই প্রক্রিয়ায় 108 জনকে বেছে নেওয়া হয় ৷ ওই 108 জনের সঙ্গে ভার্চুয়ালি আলোচনা করা হয় ৷ সেখান থেকে 16 জনকে বেছে নেওয়া হয় ৷ ওই 16 জনের সঙ্গে মুখোমুখি কথা বলা হয় ৷ ওই সাক্ষাৎকার হয় গত 11 ও 12 অগস্ট ৷ তার মধ্য থেকেই তিন জনকে বেছে নেওয়া হয় ৷ বুধবারের বৈঠকে তিন জনের নাম নিয়ে আলোচনা হয় ৷ সেই তিন জন হলেন অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, মেজর জেনারেল সঞ্জয় প্রতাপ সিং বিস্ত ও শ্রুতি হারদওয়ারি । শেষে অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা জিতেন্দ্র মিশ্রকে রামমন্দিরের প্রথম সিইও হিসেবে বেছে নেওয়া হয় ৷ তিনি উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার বাসিন্দা ৷ তিনি বায়ুসেনায় থাকাকালীন ‘যুদ্ধ সেবা মেডেল’-সহ বেশ কয়েকটি সামরিক সম্মান পেয়েছেন ৷ প্রসঙ্গত, সম্প্রতি রামমন্দিরের অনুদান আত্মসাতের অভিযোগ ওঠে ৷ এই নিয়ে বিশেষ তদন্তকারী দল তৈরি করে উত্তরপ্রদেশ পুলিশ ৷ এখনও পর্যন্ত আট জনকে পুলিশ গ্রেফতার করেছে ৷ অনুদান আত্মসাৎ নিয়ে বিতর্ক তৈরি হতেই পদত্যাগ করেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট-এর সাধারণ সম্পাদক চম্পত রাই ৷ এর পরই রাম মন্দিরের জন্য একজন সিইও বেছে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷

