banganews.net

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে ৷ শুক্রবার তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করার আবেদন জানানো হয়েছিল দেশের শীর্ষ আদালতে ৷ জ্ঞানেশ এসআইআর প্রক্রিয়ায় বিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করা হয়েছে ৷ মামলাটি দায়ের করেছেন আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠী ৷ তাঁর তরফে আইনজীবী চাঁদ কুরেশি আবেদনে জানিয়েছেন, গত 23 সেপ্টেম্বর একটি প্রতিবেদনে মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনের অন্দরে অভূতপূর্ণ সাংবিধানিক গোলমাল এবং অবৈধ কাজকর্মের কথা প্রকাশিত হয়েছে ৷সেই প্রতিবেদন থেকে জানা গিয়েছে, 10 মাস ধরে (2025 সালের নভেম্বর থেকে 2026 সালের অগস্ট পর্যন্ত) অন্য দুই কমিশনার ড. সুখবীর সিং সান্ধু এবং ড. বিবেক জোশী লিখিতভাবে তাঁদের আপত্তি জানিয়েছে ৷ কমিশনের নাম করে একদিনে চারবার এবং অন্তত 14 বার একতরফা, অননুমোদিত এবং অবৈধ সিদ্ধান্ত নেওয়া ও তা কার্যকর করার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তাঁরা ৷একটি সর্বভারতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে জানা গিয়েছে, দেশে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে তিনি অন্য দুই কমিশনার ড. সুখবীর সিং সান্ধু ও বিবেশ জোশীকে অন্ধকারে রেখেছিলেন ৷ ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দুই নির্বাচন কমিশনার গত 10 মাসে 14 বার এই এসআইআর পদ্ধতি নিয়ে আপত্তি জানিয়েছিলেন ৷ একদিনে চার বার আপত্তিও তুলেছেন তাঁরা ৷ এমনকী প্রক্রিয়ার অবৈধ দিকগুলি নিয়ে অভিযোগ তুলে ক্যাবিনেট সচিবের শরণাপন্নও হয়েছিলেন ৷ তাঁদের আপত্তিকে গুরুত্ব না-দিয়ে একতরফা সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার ৷ এই প্রতিবেদন প্রকাশের পর শোরগোল পড়ে গিয়েছে সারা দেশে ৷ কংগ্রেস, মমতা-পন্থী তৃণমূল কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবির-সহ পুরো বিরোধী শিবির এর প্রতিবাদে সরব হয় ৷ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের প্রস্তাব পেশ হবে সংসদের দুই কক্ষে, জানিয়েছে ‘ইন্ডিয়া’ শিবির ৷