অসমের বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে রয়েছে তাঁর সরকার, মঙ্গলবার সোশাল মিডিয়া মারফত এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি জানিয়েছেন, রাজ্যের বন্যাদুর্গত মানুষদের ত্রাণ ও সহায়তা প্রদানের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার অসম সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে । সোশাল মিডিয়ায় বার্তা দেওয়ার পাশাপাশি এদিন অসমের বিজেপি সাংসদ এবং অসম থেকে নির্বাচিত সাংসদদের মধ্যে যাঁরা কেন্দ্রীয় মন্ত্রী, তাঁদের সঙ্গেও কথা বলেন তিনি ৷ এদিকে অসমের বন্যা পরিস্থিতির দিকে ‘ব্যক্তিগতভাবে নজর’ রাখার জন্য এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা । তিনি জানান, রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত প্রতিটি গ্রামে পৌঁছাতে সক্ষম হয়েছে এবং বন্যাদুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে যাচ্ছে । উল্লেখ্য, অসমের বন্যা পরিস্থিতি বেশ ভয়াবহ ৷ এবছর বন্যায় এখনও পর্যন্ত ৬৮ জনের মৃত্যু হয়েছে । অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ)-এর তথ্য অনুযায়ী, বন্যায় রাজ্যের ছয়টি জেলা ক্ষতিগ্রস্ত ৷ এই ছ’টি জেলা হল – শিবসাগর, গোলাঘাট, চরাইদেও, জোরহাট, নগাঁও ও কামরূপ (মেট্রোপলিটন) ৷ এই এলাকার ৪ লক্ষ ৪৫ হাজার ৪৯৫ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন । বন্যায় ক্ষতিগ্রস্তদের আশ্রয়ের জন্য বর্তমানে মোট ৯০টি ত্রাণ শিবির চালু রয়েছে ৷ সেখানে ২৮ হাজার ৬৯৫ জন মানুষ আশ্রয় নিয়েছেন । পাশাপাশি, ৯৪টি ত্রাণ বিতরণ কেন্দ্রও চালু রয়েছে । মঙ্গলবার এই পরিস্থিতির পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সংসদ ভবন চত্বরে তিনি অসম থেকে নির্বাচিত বিজেপি সাংসদ এবং দুই কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনেওয়াল (কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ পরিবহণ মন্ত্রী) ও পবিত্র মারঘেরিটার (বিদেশ প্রতিমন্ত্রী) সঙ্গে কথা বলেন ৷ পরে অসমের বন্যা পরিস্থিতি নিয়ে সোশাল মিডিয়ায় পোস্টও করেন প্রধানমন্ত্রী ৷ প্রধানমন্ত্রী মোদি তাঁর এক্স অ্যাকাউন্টে অসমের বন্যা নিয়ে লিখেছেন, ‘‘অসমের সাংসদদের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের বিভিন্ন প্রান্তের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি । ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য কেন্দ্রীয় সরকার অসম সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে । আমি সকলের নিরাপত্তা ও সুস্থতার জন্য প্রার্থনা করছি ৷’’ অসমের বন্যা নিয়ে প্রধানমন্ত্রীর পোস্টটি শেয়ার করেন রাজ্য়ের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷ সেখানে তিনি লেখেন, ‘‘শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীজি, এই বিষয়টিতে ব্যক্তিগতভাবে নজর দেওয়ার জন্য এবং অসমের বন্যা পরিস্থিতি নিয়ে সরেজমিন খোঁজখবর নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ।’’ এর পর তাঁর সংযোজন, ‘‘আপনার নেতৃত্বে আমরা জনগণের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছি এবং এখনও পর্যন্ত প্রতিটি ক্ষতিগ্রস্ত গ্রামে পৌঁছাতে সক্ষম হয়েছি ৷” হিমন্ত জানান, বন্যা-কবলিত অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগও পুনরুদ্ধার করা হয়েছে এবং উদ্ধার করা সবাইকে ত্রাণ শিবিরে রেখে উপযুক্ত খাবার ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ।

