সিমলায় গরিব কল্যাণ সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সিমলায় একটি একটি রোডশো চলাকালীন হঠাৎ নিজের যাত্রা থামিয়ে দেন প্রধানমন্ত্রী। ভিড়ের মধ্যে নরেন্দ্র মোদির মায়ের ছবি এঁকে সেই ছবি খোদ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার জন্য অপেক্ষা করছিল এক কিশোরী। সেই কিশোরীর হাত থেকে নিজের মায়ের আঁকা ছবিটি উপহার নিতে থমকে দাঁড়ান নরেন্দ্র মোদি।  রাস্তায় প্রধানমন্ত্রী মোদিকে এক ঝলক দেখার জন্য অপেক্ষারত ছিলেন শয়ে শয়ে মানুষ। এই ভিড়ের মধ্যেই ছিল অনু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদির একটি হাতে আঁকা প্রতিকৃতি ধরে দাঁড়িয়েছিল অনু।দূর থেকে মায়ের প্রতিকৃতিটি দেখতে পেয়ে প্রধানমন্ত্রী মোদি তাঁর গাড়ি থামান। গাড়ি থেকে নেমে ওই কিশোরীর কাছে এগিয়ে যান। নরেন্দ্র মোদি প্রশ্ন করেন, “তোমার নাম কী? কোথায় থাকো?” নিজের মায়ের ছবি হাতে নিয়ে এই ছবি আঁকতে কত দিন সময় লেগেছে তাও জিজ্ঞাসা করেন প্রধানমন্ত্রী মোদি। ওই কিশোরী প্রধানমন্ত্রীকে জানায়, সিমলাতেই বাড়ি তাঁর। নরেন্দ্র মোদি আসবেন জেনে একদিনের মধ্যেই তাঁর মা হীরাবেনের প্রতিকৃতিটি শেষ করেছে সে।