গঙ্গা বক্ষে নৌকাবিহার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার সকালে এখানে হুগলি নদীতে নৌকাভ্রমণ করলেন তিনি ৷ পরে মাঝিদের পাশাপাশি প্রাতঃভ্রমণকারীদের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি । আর গঙ্গা বিহারের পর এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “গঙ্গা যেন বাংলার আত্মার মধ্যে দিয়ে প্রবাহিত হয় ।” এদিন সকালেই হুগলি নদীতে নৌকাবিহার করেন প্রধানমন্ত্রী ৷ পরে তাঁর এই নদীভ্রমণের বেশকিছু ছবি সোশাল মিডিয়াতেও পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। ছবিগুলিতে তাঁকে একটি কাঠের নৌকায় হাতে ক্যামেরা নিয়ে বসে থাকতে দেখা গিয়েছে ৷ তাঁর পিছনে হাওড়া ব্রিজ ও বিদ্যাসাগর সেতুও দেখা য়াচ্ছে ৷ সেই ছবির সঙ্গেই বাংলায় প্রধানমন্ত্রী লিখেছেন, “প্রত্যেক বাঙালির কাছে গঙ্গা একটি অত্যন্ত বিশেষ স্থান অধিকার করে আছে। বলা যায়, গঙ্গা যেন বাংলার আত্মার মধ্য দিয়ে প্রবাহিত হয়। পবিত্র গঙ্গা জল সমগ্র সভ্যতার চিরন্তন চেতনা বহন করে চলেছে।” তিনি আরও লিখেছেন, “আজ সকালে আমি কলকাতায় হুগলি নদীর তীরে কিছু সময় কাটিয়েছি ৷ মা গঙ্গার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এক সুযোগ। এছাড়াও দেখা হয়েছে প্রাতর্ভ্রমনকারী ও নৌকাচালকদের সঙ্গে। নৌকাচালকদের কঠোর পরিশ্রম সত্যিই প্রশংসনীয়। হুগলির তীরে দাঁড়িয়ে, পশ্চিমবঙ্গের উন্নয়ন এবং মহান বাঙালি সমাজের সমৃদ্ধির লক্ষ্যে কাজ করার আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।” এরই সঙ্গে, এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, “এই পুণ্যতোয়া গঙ্গার ছবি তোলার চেষ্টা করলাম। সেই সঙ্গে বিদ্যাসাগর সেতু ও হাওড়া ব্রিজকে খুব কাছ থেকে দেখার সুযোগও পেলাম। গতকাল সন্ধ্যায়, হাওড়া থেকে কলকাতা পর্যন্ত দীর্ঘ রোড-শো’র সময় হাওড়া ব্রিজের ওপর ছিলাম। আর আজ সকালে, হুগলি নদী থেকে এই ব্রিজকে দেখলাম!” প্রধানমন্ত্রী জানান, প্রতিটি বাঙালির কাছেই গঙ্গা এক অত্যন্ত বিশেষ স্থান অধিকার করে আছে। রাজ্যে বিধানসভা ভোটে বিজেপির প্রার্থীদের সমর্থনে জোরদার প্রচার করছেন প্রধানমন্ত্রী মোদি ৷ দ্বিতীয় দফার প্রচারের জন্য বৃহস্পতিবারই রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী ৷ মথুরাপুর এবং কৃষ্ণনগরে জনসভা করেন প্রধানমন্ত্রী। সেদিন বিকালে তিনি গিয়েছিলেন বেলুড় মঠে ৷ পরে হাওড়ায় রোড-শোও করেন মোদি ৷ প্রধানমন্ত্রী রাত্রিবাস করেন লোকভবন-এ। শুক্রবারও ঠাসা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর ৷ উত্তর 24 পরগনার পানিহাটি এবং দক্ষিণ 24 পরগনার বারুইপুরে সভা করবেন তিনি। তার আগে সকালে নদী বক্ষে ভ্রমণ করলেন প্রধানমন্ত্রী ৷ প্রসঙ্গত, রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ আগামী 29 এপ্রিল অনুষ্ঠিত হবে ৷

