ঘানাকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। কাতার বিশ্বকাপের গ্রুপ এইচ-এর ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল আফ্রিকা ও ইউরোপের দুই দেশে। ধারে ও ভারে ঘানার থেকে অনেকটাই এগিয়ে ছিল পর্তুগাল। তবে এই ধরনের মঞ্চে আফ্রিকার দেশটি বরাবরই কঠিন প্রতিপক্ষ। সেই অনুযায়ী এদিন ৪-৩-৩ ছকে দল সাজিয়েছিলেন পর্তুগাল কোচ স্যান্টোস। অন্যদিকে, ৫-৩-২ ছকে দল সাজিয়েছিলেন ঘানার কোচ অ্যাডো। প্রথমার্ধে দুই দল আক্রমণ শানালেও কোনও গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে দুটি দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। ফাউলও করছিলেন ঘানার ফুটবলাররা। ৬৫ মিনিটে পেনাল্টি পায় পর্তুগাল। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৭৩ মিনিটে ঘানার হয়ে গোল করেন আন্দ্রে আয়িউ। ৭৮ মিনিটে পর্তুগিজদের হয়ে ব্যবধান বাড়ান জোয়াও ফেলিক্স। তার দু-মিনিট পরই দলের তৃতীয় গোল করেন রাফায়েল লিয়াও। তিন নম্বর গোল হজম করে আরও বেশি আক্রমণাত্মক খেলতে শুরু করেন ঘানার ফুটবলাররা। ৮৯ মিনিটে তাঁদের দ্বিতীয় গোল করেন ওসমান বুখারি। সংযোজিত সময়েও গোল শোধের মরিয়া চেষ্টা করেছিলেন তাঁরা। কিন্তু পর্তুগিজ ডিফেন্স সজাগ থাকায় তা হয়নি। শেষ পর্যন্ত ৩-২ গোলে ম্যাচ জেতেন রোনাল্ডোরা।

