banganews.net

নিট ইউজি প্রশ্নপত্র্র ফাঁস কাণ্ডে দেশজোড়া পড়ুয়া বিক্ষোভের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন ৷ নতুন দায়িত্ব পেয়ে দেরি না করে রবিবার টানা বৈঠক করলেন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী ৷ দ্রুত বুঝে নিতে চাইলেন শিক্ষামন্ত্রকের কাজকর্মের খুঁটিনাটি ৷ কারণ, বিষয়টিকে তিনি নতুন ‘সাবজেক্ট ‘ ও গুরুদায়িত্ব হিসেবে ব্যাখ্যা করেছেন ৷ এদিন ‘এক্স’ (X) হ্যান্ডলে পোস্ট করে প্রহ্লাদ জানিয়েছেন, সমস্ত বিষয় পর্যালোচনা করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন । শিক্ষা মন্ত্রকের দায়িত্ব তাঁর কাছে নতুন ৷ ফলে পুরো বিষয় বুঝে নেওয়ার পরই বিস্তারিত মন্তব্য করবেন ৷ সংবাদ সংস্থা এএনআইকে প্রহ্লাদ বলেছেন, “গতকাল কর্ণাটকে ছিলাম। রাতে দিল্লি পৌঁছে রবিবার সকালেই দায়িত্ব গ্রহণ করেছি। খুঁটিনাটি এবং প্রয়োজনীয় সিদ্ধান্তগুলির বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা করছি । বিষয়গুলি পুরোপুরি বুঝে নেওয়ার পরই বিস্তারিত বলব।” এর আগে, ‘এক্স’ (X)-এ এক পোস্টে জোশী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, “আমার উপর আস্থা রেখে এই গুরুদায়িত্ব অর্পণ করার জন্য প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।” কর্ণাটকের ধারওয়াড় নির্বাচনী এলাকার লোকসভার সাংসদ জোশী বর্তমানে ক্রেতা সুরক্ষা, খাদ্য ও গণবণ্টন এবং নব ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছেন । এর আগের মেয়াদে তিনি কয়লা, খনি ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন । কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ধর্মেন্দ্রর পদত্যাগপত্র রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গ্রহণ করার পর শনিবার কেন্দ্রীয় মন্ত্রী জোশীকে শিক্ষামন্ত্রকের দায়িত্ব দেওয়া হয় ৷ পাশাপাশি, তিনি বর্তমান মন্ত্রকের দায়িত্বও পালন করবেন ।