উড়ানে অভব্য আচরণের অভিযোগ। অধ্যাপকের বিরুদ্ধে মহিলা চিকিৎসককে যৌন হেনস্থার অভিযোগ। দিল্লি মুম্বই ফ্লাইটে এই ঘটনা ঘটেছে। ৪৭ বছর বয়সী ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ২৪ বছর বয়সী ওই তরুণী ও অভিযুক্ত পাশাপাশি বসেছিলেন। সকাল সাড়ে ৫টা নাগাদ দিল্লি ছাড়ে ওই উড়ান। অভিযোগপত্রে ওই মহিলা ডাক্তার জানিয়েছেন, মুম্বই এয়ারপোর্টে নামার আগে ওই যাত্রী তাঁকে অশালীনভাবে স্পর্শ করেন। এই ঘটনায় দুই যাত্রীর মধ্যে বিতণ্ডা শুরু হয়। এরপর ওই তরুণী উড়ানের ক্রু সদস্যদের বিষয়টি জানান। মুম্বইয়ে উড়ান অবতরণ করার পর তাঁরা শহর থানায় যান। তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

